যশোর সদর উপজেলার মুনসেফপুরে জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে এক বিএনপি নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখ ধারালো হাসুয়া দিয়ে আবু তালেবকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্বজনেরা আহত আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়দের ভাষ্য, প্রায় ১৫ বছর আগে শফিয়ারের জমির পাশে একটি জমি কেনেন আবু তালেবের পরিবার। ওই জমি শফিয়ারও কিনতে চেয়েছিলেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা দূরসম্পর্কের আত্মীয় বলেও জানা গেছে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করা হয়। এ ঘটনায় তদন্ত চলছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহতের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


















