রাণীশংকৈলে গ্রাম আদালত প্রচারে নন্দুয়ার ইউনিয়নে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৮:২২:১০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- রাণীশংকৈল, ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ৮ নম্বর নন্দুয়ার ইউনিয়নে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে গত ১১ নভেম্বর সন্ধ্যা ৬টায় উপজেলার নন্দুয়ার ইউনিয়নের বলিদ্বাড়া বাজারে এ কর্মসূচি পালিত হয়। স্থানীয় জনগণকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পূর্বে মাইকিংয়ের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হয়।
অনুষ্ঠানে সাধারণ মানুষকে গ্রাম আদালতের কার্যকারিতা, সুবিধা, বিচারিক ক্ষমতা এবং সহজে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া গ্রাম আদালতের আবেদন প্রক্রিয়া, ইতিবাচক প্রভাব এবং সফলতার নানা দিক তুলে ধরা হয়।
নন্দুয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউপি সদস্য মো. আনারুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে গ্রাম আদালত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং নিজ নিজ মতামত তুলে ধরেন। এ সময় গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোছা. রাশেদা আক্তার সার্বিক বিষয়ে আলোচনা করেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দর্শকদের মধ্য থেকে মো. আমিরুল ইসলাম এবং শিক্ষক টুপেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় প্রায় তিন শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
ইউপি চেয়ারম্যান তাঁর বক্তব্যে জানান, স্থানীয় পর্যায়ে সৃষ্ট বিরোধগুলো গ্রাম আদালতের মাধ্যমে মীমাংসা করার চেষ্টা করা হবে এবং সাধারণ মানুষকে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার আহ্বান জানান। শিক্ষক টুপেন বলেন, ভিডিও প্রদর্শনী দেখে গ্রাম আদালত সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পেরেছি। এটি সরকারের একটি চমৎকার উদ্যোগ, যা সঠিকভাবে পরিচালনায় সকলের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে স্থানীয়রা বাইরে বিচার-সালিশ না করে গ্রাম আদালতের দ্বারস্থ হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, গ্রামীণ বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে এ ধরনের মতবিনিময় সভা বিশেষ ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
জনপ্রিয়



















