খুলনা রেঞ্জের ১০ জেলায় বিশেষ অভিযান চালিয়ে একদিনে ২২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও সহযোগী হিসেবে ৯৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনভর এ অভিযান পরিচালনা করা হয়।
খুলনা রেঞ্জ পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে খুলনায় ৩৫, যশোরে ২৯, বাগেরহাটে ১২, সাতক্ষীরায় ১৬,ঝিনাইদহে ৪৪, মাগুরায় ১১, নড়াইলে ১৯, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ২০ ও মেহেরপুরে ৮ জন রয়েছেন।
বুধবার (১১ নভেম্বর) খুলনা রেঞ্জ ডিআইজির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং নাশকতা ও সহিংসতা প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলা, সুনির্দিষ্ট অভিযোগ ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
খুলনা রেঞ্জ পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















