লিভারসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে চরম মানবেতর জীবনযাপন করা সুমন খানের পাশে দাঁড়িয়েছে মানবিক সংগঠন ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’ এবং দেশ-প্রবাসের হৃদয়বান ব্যক্তিরা। অর্থাভাবের কারণে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে দুই বেলা ঠিকমতো খাবার জোগাড় করতে না পারা সুমনের দুর্দিনে এই মানবিক উদ্যোগ এক আশার আলো হয়ে এসেছে।
সুমন খানের অসুস্থতা ও অসহায়ত্ব নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে তা ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর সদস্যদের নজরে আসে। এরপর সংগঠনের প্রতিষ্ঠাতা ও মালয়েশিয়া প্রবাসী মীর মিজান স্বপন এবং দেশীয় সদস্যদের সম্মিলিত উদ্যোগে মোট ৫০ হাজার টাকা নগদ অর্থ সংগ্রহ করা হয়।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর একদল প্রতিনিধি সরাসরি সুমনের বাসায় উপস্থিত হন এবং তাঁর ও তাঁর পরিবারের হাতে সংগৃহীত এই অর্থ তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হোসাইন আহমেদ পাপ্পু, হামিদুল ইসলাম মন্টু, ফরহাদ হোসাইন, মো. শাহ আলম, মো. রাজ্জাক বেপারী, মো. সাইফুল ইসলাম, আবুল হোসেন, মো. সিরাজ ও নূর আলম প্রমুখ।
‘কোলা সচেতন নাগরিক গ্রুপ’-এর মুখ্য সমন্বয়ক ও সংগঠক মালয়েশিয়া প্রবাসী মীর মিজান স্বপনের সার্বিক দিকনির্দেশনা এবং প্রবাসী ও স্থানীয় সদস্যদের আন্তরিক সহযোগিতায় এই মানবিক সহায়তা প্রদান করা হয়। সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এমন সময়োপযোগী সহযোগিতায় কিছুটা হলেও স্বস্তি এবং বেঁচে থাকার সাহস ফিরে পেয়েছেন অসুস্থ সুমন ও তাঁর পরিবার।



















