যশোরের কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যা মামলায় আটক দুই আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১১ নভেম্বর) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুমনা পাল শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মণিরামপুরের মহিষদিয়া গ্রামের পল্লী চিকিৎসক মিঠুন ধর ও সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের আব্দুল হান্নান গাজী।
মামলার বিবরণে জানা যায়, গত ৭ নভেম্বর মণিরামপুরের মহিষদিয়া গ্রামের হেলালের ঘাট ব্রিজসংলগ্ন মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দী অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে স্বজনেরা মরদেহটি কেশবপুরের কালিচরণপুর গ্রামের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলের বলে শনাক্ত করেন। এ ঘটনায় তাঁর ভাতিজা দেবাশীষ মণ্ডল বাদী হয়ে মণিরামপুর থানায় হত্যা মামলা করেন।
সিআইডি যশোরের তদন্তে মোবাইল ফোনের কললিস্ট, সিসিটিভি ফুটেজ ও স্থানীয়ভাবে অনুসন্ধানের মাধ্যমে পল্লী চিকিৎসক মিঠুন ধরের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরার কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে মিঠুন ধর ও তাঁকে সহায়তাকারী আব্দুল হান্নান গাজীকে আটক করে সিআইডি।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এসআই দেলোয়ার হোসাইন গত ৮ নভেম্বর তাঁদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।


















