বকশীগঞ্জে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার মেশিন ধ্বংস
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- বকশীগঞ্জ, জামালপুর
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে দশানী নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার সাধুরপাড়ার ইউনিয়নের পুরাতন আইরমারি এলাকায় দশানী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, একটি চক্র কয়েকদিন ধরে রাতের আঁধারে দশানী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পরে নদীতে স্থাপন করা দুটি ডিজেলচালিত ড্রেজার মেশিন ও বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, “অবৈধভাবে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। অবৈধভাবে বালু উত্তোলনের ফলে কৃষিজমি ও রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। তাই অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
জনপ্রিয়


















