খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ মাদক সম্রাট সোহাগ আটক
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
- চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুই ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাদক সম্রাট মো. সোহাগের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে নগরের খুলশী থানাধীন জাকির হোসেন রোডে আকবর শাহ (রহ.) জামে মসজিদের বিপরীতে আছিয়া স্টিল নামের একটি ওয়ার্কশপের সামনে এ অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিরা হলেন মো. সোহাগ (২৬) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪২)। সোহাগ চট্টগ্রামের ডবলমুরিং থানার পাহাড়তলী রেলস্টেশন এলাকার এনায়েত আলীর বাগার বাড়ির শফিক মিয়ার ছেলে। জাহাঙ্গীর কুমিল্লার চৌদ্দগ্রাম থানার উত্তরপাড়া এলাকার মৃত আবদুছ সালামের ছেলে।
এসআরবি-৭ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করেন ওই দুই ব্যক্তি। পরে অভিযানিক দলের সদস্যরা তাঁদের আটক করেন। তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে ছয়টি বোতলে রাখা মোট ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কি এবং একটি ট্রাভেল ব্যাগে স্কচটেপ দিয়ে মোড়ানো ছয়টি প্যাকেটে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, সোহাগ পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সামশুল হক রানা মির্জার অনুসারী হিসেবে পরিচিত। একই সূত্রে অভিযোগ করা হয়েছে, সোহাগ ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে পাহাড়তলী থানা এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত।
আটক দুই ব্যক্তি, উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জনপ্রিয়



















