Advertisement

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইবি প্রতিষ্ঠার মাধ্যমে চির বহমান বিপ্লব করে গেছেন: ড. হাছানাত আলী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইবি প্রতিষ্ঠার মাধ্যমে চির বহমান বিপ্লব করে গেছেন: ড. হাছানাত আলী

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলী বলেছেন,”স্বাধীন বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রতিষ্ঠার মাধ্যমে চির বহমান বিপ্লব তৈরি করেছেন। তিনি বুঝতে পেরেছিলেন মাদ্রাসা শিক্ষা, সাধারণ শিক্ষা, কোরআন-হাদিসের জ্ঞান ও নৈতিকতা না থাকলে  দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব নয়। সকল ষড়যন্ত্র -বিভাজন উপেক্ষা করে ১৯৭৯ সালের ২২শে নভেম্বর শান্তিডাঙ্গা-দুলালপুরে নিজ হাতে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।”

মঙ্গলবার (২৪ নভেম্বর) জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দিনব্যাপী আলোচনা সভায় সুপার বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. হাছানাত আলী বলেন,”বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে গুম-খুন-ক্রস ফায়ার হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার পরে র‍্যাবের দৌরাত্ম্য দেখা যায় না। তিনি র‍্যাব বিলুপ্ত হওয়ার কথা দিয়েছিলেন ইতিমধ্যে তা কার্যকর হয়েছে।তাই আমরা সবাই বিরোধিতার খাতিরে যেন বিরোধিতা না করি।”

২৪শে জুলাই যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় এক উন্নত পবিত্র মাটি।ইবিতে জুলাই আন্দোলনের একটি অগ্নি স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। মেধাবীদের বাংলাদেশ তৈরি করার জন্য জুলাই বিপ্লবীরা রক্ত দিয়ে দেশটাকে দ্বিতীয়বার মুক্ত করেছে। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার সাথে সাথে এই বিপ্লব সফল হবে। মেধাবীদের বাংলাদেশ তৈরি করতে পারলে ১৪০০ শহীদের রক্ত সার্থক হবে।”

উপাচার্য আরও বলেন,” জমিয়তে তালাবায়ে আরাবিয়ার জন্ম হয়েছে মাদ্রাসা শিক্ষার উন্নতি, মাদ্রাসা শিক্ষার পক্ষে কথা বলা ও মাদ্রাসা শিক্ষাকে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত করার জন্য। আরাবিয়ার গায়ে কখনো রাজনীতির লেবাস লাগেনি। ব্যক্তিগত রাজনৈতিক আদর্শ-বিশ্বাস থাকতেই পারে। কিন্তু সবসময় আমরা দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশ তৈরি করতে চেষ্টা করেছি।আমাদের দরকার যোগ্য, নীতিবান, নৈতিকতা ও কোরআন-হাদিসের জ্ঞান আছে এমন  ব্যক্তি।”

আলোচনা সভায় মো. আসাদুল্লাহ আল গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিন্তাবিদ কলামিস্ট এবং গবেষক ড. ঈসা শাহেদী। সুপার বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. মো. এমতাজ হোসেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হোসাইন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী ও অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. মাহমুদুল হাসান, বাংলাদেশ জমিয়তে তালাবায়ে আরাবিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাও. মো. রুহুল আমিন। এছাড়াও আমন্ত্রিত অতিথিসহ সংগঠনের নেতাকর্মী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়