প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার প্রান্তিক নারী উদ্যোক্তা মোছা. বিউটি বেগম।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা ও স্বর্ণপদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিউটি বেগম ক্ষেতলাল উপজেলার হিন্দা-বজরবরাহী গ্রামের তোতা মিয়ার স্ত্রী। প্রাণিসম্পদ উন্নয়নে প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদানের স্বীকৃতিস্বরূপ “প্রান্তিক খামারি ও অনগ্রসর জনগোষ্ঠীর অবদান” ক্যাটাগরির ক্ষেত্র বিভাগে তিনি এ স্বর্ণপদক অর্জন করেন।
তিনি এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো), জয়পুরহাটের প্রাণিসম্পদ খাতের কার্যক্রমের একজন সফল নারী উদ্যোক্তা ও সুফলভোগী। পিকেএসএফের আর্থিক সহযোগিতা এবং এসোর প্রাণিসম্পদ খাতের মাধ্যমে বাস্তবায়িত “বাক সার্ভিস সেন্টার” (বিউটি পাঠার খামার) কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে তিনি এ সাফল্য অর্জন করেন।
বিউটি বেগমের এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে এহেড সোশ্যাল অর্গানাইজেশন (এসো)। সংস্থাটির প্রাণিসম্পদ খাতের কৃষি ইউনিটের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ বিবিষয়ে এসো সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তাঁর এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন এবং প্রাণিসম্পদ খাতে নারীদের অংশগ্রহণ ও স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে একটি অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত। এ অর্জন জাতীয় পর্যায়ে এসোর কার্যক্রম ও পরিচিতিকে আরও এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ সাফল্যের পেছনে সংস্থার নির্বাহী পরিচালকের দিকনির্দেশনা, কৃষি ইউনিটের নিয়মিত তদারকি ও উৎসাহ এবং উপ-নির্বাহী পরিচালক, ফোকাল পারসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতার কথা বিশেষভাবে উল্লেখ করেছে কৃষি ইউনিট।
ক্ষেতলাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক মিয়া বলেন, সারাদেশে আটটি ক্যাটাগরিতে ২৩ জন সফল উদ্যোক্তাকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিউটি বেগম স্বর্ণপদক অর্জন করেছেন।
ক্ষেতলালের একজন প্রান্তিক নারী উদ্যোক্তার জাতীয় পর্যায়ে এমন সম্মাননা অর্জনে স্থানীয়ভাবে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন এলাকার অন্যান্য নারী উদ্যোক্তা ও খামারিদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।


















