Advertisement

জনবল সংকটে যশোর শিক্ষা বোর্ড, চেয়ারম্যানসহ ৮৬ পদ শূন্য

জনবল সংকটে যশোর শিক্ষা বোর্ড, চেয়ারম্যানসহ ৮৬ পদ শূন্য
তীব্র জনবল সংকটে ধুঁকছে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ১৭৬টি পদের বিপরীতে চেয়ারম্যানসহ ৮৬টি পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে ব্যাহত হচ্ছে দাপ্তরিক কার্যক্রম। একাধিক শাখার দায়িত্ব সামলাতে হচ্ছে একজন কর্মকর্তাকে। বাড়তি কাজের চাপে সকাল থেকে রাত পর্যন্ত অফিস করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। তাঁদের আশঙ্কা, দ্রুত নিয়োগ দেওয়া না হলে ভবিষ্যতে বোর্ডের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে বড় ধরনের স্থবিরতা দেখা দিতে পারে। খুলনা বিভাগের ১০ জেলার প্রায় সাড়ে তিন হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ লাখ শিক্ষার্থীর পরীক্ষা, ফলাফল প্রকাশ, সনদ ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে যশোর শিক্ষা বোর্ড। গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে জনবলসংকটে ভুগছে। শূন্যপদের চাপ সামলাতে কর্মরত কর্মকর্তাদের কাউকে একাধিক শাখার দায়িত্ব দেওয়া হয়েছে, কাউকে পালন করতে হচ্ছে মূল পদের বাইরেও অতিরিক্ত দায়িত্ব। এতে সেবাগ্রহীতাদের সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাঁদের। অনেককে রাত ৮টা-৯টা পর্যন্ত অফিস করতে হচ্ছে। বোর্ডের উপসচিব শেখ আমিনুল ইসলাম বলেন, ‘১০টি জেলা থেকে বিভিন্ন সেবাপ্রার্থী এখানে আসেন। তাঁদের সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। সকাল ৯টায় যথাসময়ে অফিসে প্রবেশ করলেও কখন বের হব, তার নির্দিষ্ট সময় নেই। বেশির ভাগ দিন রাত ৮টা-৯টা পর্যন্ত কাজ করতে হয়। দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় একজনকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে।’ উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখার সেকশন অফিসার মঞ্জুয়ারা বেগম বলেন, ‘এই শাখায় আগে ছয়জন জনবল ছিল। এখন আমি একাই ছয়জনের কাজ করছি। বাড়তি কাজের চাপে সন্ধ্যা পর্যন্ত অফিস করতে হয়। প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হলে এই কষ্ট অনেকটাই কমত।’ অডিট অফিসার মো. খুরশিদ আলম মল্লিক বলেন, অধিকাংশ কর্মকর্তা-কর্মচারীকে দুটি করে দায়িত্ব পালন করতে হচ্ছে। মূল পদের পাশাপাশি অতিরিক্ত ও চলতি দায়িত্বও দেওয়া হয়েছে। একাধিক দায়িত্ব সামলাতে গিয়ে কখনো কখনো সেবা দিতে কিছুটা বিলম্ব হচ্ছে। তারপরও প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করার চেষ্টা করছেন তাঁরা। পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম হোসেন আলী বলেন, ‘পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বের পাশাপাশি আমাকে ছয়টি দপ্তরের কাজ দেখতে হয়। পরীক্ষা পরিচালনা, ফরম পূরণ, সনদ ও ট্রান্সক্রিপ্ট প্রদান, ফলাফল তৈরি এবং আইসিটি বিভাগের দায়িত্বও সামলাতে হচ্ছে। জনবল খুবই সীমিত। কয়েকজন অভিজ্ঞ আইটি বিশেষজ্ঞের সহযোগিতায় কোনোমতে কার্যক্রম চালিয়ে নিচ্ছি। এ কারণে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হয়।’ উপসহকারী প্রকৌশলী কামাল হোসেন বলেন, বোর্ডে তীব্র জনবলসংকট তৈরি হয়েছে। এখনই নিয়োগপ্রক্রিয়া শুরু না হলে আগামী পাঁচ বছরে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এতে বোর্ডের দক্ষ জনবলও সংকুচিত হবে। এর প্রভাব শুধু খুলনা বিভাগে নয়, সারা দেশের শিক্ষা কার্যক্রমেও পড়তে পারে। তাই দ্রুত জনবল নিয়োগে সরকার ও সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। তবে জনবলসংকটের মধ্যেও সেবা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বোর্ডের সচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল মতিন। তিনি বলেন, ৪৫টি পদে নিয়োগের জন্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হয়নি। এ জন্য সময় বাড়ানোর আবেদন জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, শিগগিরই সময় বাড়ানোর অনুমতি পাওয়া যাবে। এরপর নিয়োগপ্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। তিনি আরও বলেন, কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে। কাউকে কাউকে বাড়তি দায়িত্ব দিয়ে কাজ চালাতে হচ্ছে। তবে সেবা কার্যক্রম বন্ধ নেই। বোর্ডের আইসিটি শাখা শক্তিশালী হওয়ায় ফলাফল প্রকাশসহ অন্যান্য কার্যক্রমে বড় ধরনের সমস্যা হচ্ছে না। বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ১৭৬টি পদের বিপরীতে চেয়ারম্যানসহ ৮৬টি পদ শূন্য রয়েছে। গত ১৫ নভেম্বর চেয়ারম্যানের পদটিও শূন্য হয়। ফলে দীর্ঘদিনের জনবলসংকটের সঙ্গে যুক্ত হয়েছে শীর্ষ পদে নেতৃত্বের শূন্যতা।
জনপ্রিয়