Advertisement

কাঁচা খেজুরের রস থেকে সাবধান!

কাঁচা খেজুরের রস থেকে সাবধান!

বাদুড়ের স্পর্শে ছড়াতে পারে প্রাণঘাতী ভয়ঙ্কর নিপাহ ভাইরাস। মূলত এই ভাইরাস বহনকারী বাদুড় খেজুরের রস খেতে গিয়ে সেখানে ভাইরাস ছড়িয়ে দেয়। শীত এলেই ভোরের ঠান্ডায় গাছ থেকে নামানো টাটকা কাঁচা রস খেতে পছন্দ করেন অনেকেই। তবে এই সুস্বাদু রস পান করার আগে কিছু বিষয় জানা জরুরি।

কাঁচা রসে কেন ঝুঁকি?

বাদুড়ের লালা বা প্রস্রাবের মাধ্যমে খেজুরের রস দূষিত হতে পারে। সেই রস পান করলে নিপাহ ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই গাছ থেকে নামানো কাঁচা রস পান করা উচিত নয়।

যেভাবে খাবেন নিরাপদে

খেজুরের রস পান করতে চাইলে ভালোভাবে ফুটিয়ে নিন। গাছ থেকে রস সংগ্রহের পাত্র ঢেকে রাখলেও সংক্রমণের ঝুঁকি পুরোপুরি দূর হয় না। এছাড়া ফল ভালোভাবে ধুয়ে ও খোসা ছাড়িয়ে খান। বাদুড়ে খাওয়া বা কামড়ানো ফল এড়িয়ে চলুন।

যেসব লক্ষণে সতর্ক হবেন

নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে জ্বর, মাথাব্যথা, বমি ও শরীর ব্যথা হতে পারে। গুরুতর অবস্থায় দেখা দিতে পারে খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া ও মস্তিষ্কে প্রদাহ। কাঁচা খেজুরের রস পান করার পর এমন লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া এতে প্রাকৃতিক চিনি থাকায় ডায়াবেটিস রোগীদের পরিমাণ নিয়ন্ত্রণ করা উচিত।

শীতের এই মৌসুমি স্বাদ উপভোগ করতে গিয়ে ঝুঁকি নেবেন না। কাঁচা নয়, ভালোভাবে ফুটিয়ে খেজুরের রস পান করুন।

জনপ্রিয়