Advertisement

কিশোরদের এক্স অ্যাকাউন্ট নজরদারি করতে পারবেন অভিভাবকরা

কিশোরদের এক্স অ্যাকাউন্ট নজরদারি করতে পারবেন অভিভাবকরা

কিশোর-কিশোরীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর অভিভাবকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ দিতে নতুন উদ্যোগ নিয়েছে এক্স (X)। প্রথমবারের মতো প্ল্যাটফর্মটিতে যুক্ত করা হয়েছে অভিভাবকীয় নিয়ন্ত্রণ বা প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা। এর আওতায় ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীদের অ্যাকাউন্টের বিভিন্ন কার্যক্রমে নির্দিষ্ট সীমা নির্ধারণ করতে পারবেন তাদের অভিভাবক ও আইনগত অভিভাবকেরা।

–আনাদোলু এজেন্সি

গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) নতুন এ সুবিধা চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে সন্তান সামাজিক যোগাযোগমাধ্যমে কতটা সময় ব্যয় করছে, কারা তার অ্যাকাউন্ট অনুসরণ করছে এবং কী ধরনের কনটেন্ট তার সামনে আসছে, সেসব বিষয়ে নিয়ন্ত্রণের সুযোগ তৈরি হয়েছে। তবে পুরো ব্যবস্থায় কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের মালিকানা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার বিষয়টিও রাখা হয়েছে।

নতুন সুবিধার অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো স্ক্রিন টাইম ব্যবস্থাপনা। অভিভাবকরা সন্তানের জন্য প্রতিদিন এক্স ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দিতে পারবেন। পাশাপাশি গত সাত দিনে সন্তান মোট কতক্ষণ প্ল্যাটফর্মটি ব্যবহার করেছে, সেই তথ্যও পর্যবেক্ষণ করতে পারবেন। ফলে দৈনিক ব্যবহারের সীমা নির্ধারণের পাশাপাশি সাম্প্রতিক ব্যবহারের সময় সম্পর্কেও ধারণা পাবেন তারা।

সন্তানের অ্যাকাউন্টে নতুন অনুসারী যুক্ত হওয়ার বিষয়েও থাকছে অভিভাবকদের অনুমোদনের ব্যবস্থা। কোনো নতুন ব্যবহারকারী কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট অনুসরণ করতে চাইলে অভিভাবকের সম্মতি প্রয়োজন হবে। এক্সের তথ্য অনুযায়ী, এ অনুমোদন ব্যবস্থা চালু হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে প্রাইভেট হয়ে যাবে। ফলে অভিভাবকের অনুমতি ছাড়া নতুন কেউ ওই অ্যাকাউন্টের অনুসারী হতে পারবেন না।

শুধু অ্যাকাউন্টের অনুসারী নয়, সন্তানের সামনে কী ধরনের পোস্ট ও ভিডিও প্রদর্শিত হবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকেরা। এক্সের ‘For You’ ফিডে প্ল্যাটফর্মের সুপারিশ করা কনটেন্টের পরিবর্তে চাইলে শুধু সন্তান যেসব অ্যাকাউন্ট অনুসরণ করে, সেগুলোর পোস্ট ও ভিডিও দেখানোর ব্যবস্থা করা যাবে। এ ছাড়া নির্দিষ্ট শব্দযুক্ত পোস্ট ফিল্টার করার পাশাপাশি সংবেদনশীল বিষয়বস্তুর প্রদর্শন সীমিত করা যাবে।

যোগাযোগের ক্ষেত্রেও যুক্ত হয়েছে আলাদা নিয়ন্ত্রণব্যবস্থা। সন্তানের কাছে কারা সরাসরি বার্তা বা ডিরেক্ট মেসেজ পাঠাতে পারবেন, তা নির্ধারণ করতে পারবেন অভিভাবকেরা। তবে এ সুবিধার মাধ্যমে ব্যক্তিগত কথোপকথনে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। সন্তান কোন কোন অ্যাকাউন্টের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছে, শুধু সেই অ্যাকাউন্টগুলোর পরিচয় দেখতে পারবেন অভিভাবকেরা। বার্তার লেখা, পাঠানো তথ্য কিংবা পাওয়া বার্তার বিষয়বস্তু পড়তে পারবেন না।

এ বিষয়ে এক্সের নিরাপত্তাপ্রধান মাইকেল ও’হারলিহি বলেন, অভিভাবকেরা তাদের সন্তানদের অনলাইন কার্যক্রম নিয়ন্ত্রণের জন্য কার্যকর কিছু সরঞ্জাম চান। একই সঙ্গে কিশোর-কিশোরীদের নিজেদের মতো করে বেড়ে ওঠার সুযোগও থাকা প্রয়োজন। তার ভাষ্য অনুযায়ী, নতুন অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে পরিবারগুলো নিজেদের প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার সীমা নির্ধারণ করতে পারবে। তবে অ্যাকাউন্টের মালিকানা কিশোর-কিশোরীদের হাতেই থাকবে এবং অভিভাবকদের করা প্রতিটি পরিবর্তন তারা দেখতে পারবে।

নজরদারির এ ব্যবস্থা চালুর ক্ষেত্রে অভিভাবক ও সন্তানের সম্মতিকে বাধ্যতামূলক করেছে এক্স। অর্থাৎ, একতরফাভাবে কোনো অভিভাবক সন্তানের অ্যাকাউন্টে নজরদারি শুরু করতে পারবেন না। একজন অভিভাবক বা আইনগত অভিভাবক সর্বোচ্চ পাঁচটি কিশোর-কিশোরীর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারবেন। অন্যদিকে, একজন কিশোরের অ্যাকাউন্টে একই সময়ে কেবল একজন প্রাপ্তবয়স্কের নজরদারির সুযোগ থাকবে।

তবে নতুন সুবিধার আওতায় অভিভাবকদের ক্ষমতা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয়েছে। তারা সন্তানের ব্যক্তিগত বার্তা পড়তে পারবেন না, এক্সে কী লিখে অনুসন্ধান করা হয়েছে কিংবা কোন পোস্ট ও ভিডিও দেখা হয়েছে, সেই ইতিহাসও জানতে পারবেন না। সন্তানের হয়ে কোনো পোস্ট প্রকাশ করা বা তার অ্যাকাউন্টে প্রবেশ করার অনুমতিও তাদের দেয়া হচ্ছে না। অর্থাৎ, নির্দিষ্ট কিছু কার্যক্রম নিয়ন্ত্রণ ও যোগাযোগের তথ্য পর্যবেক্ষণ করা গেলেও সন্তানের ব্যক্তিগত কথোপকথন ও প্ল্যাটফর্ম ব্যবহারের সম্পূর্ণ ইতিহাস অভিভাবকদের জন্য উন্মুক্ত করা হচ্ছে না।

অভিভাবকীয় নজরদারির মেয়াদও বয়সের সঙ্গে নির্ধারিত থাকবে। কোনো কিশোর-কিশোরীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তার অ্যাকাউন্টে এ নজরদারি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এর ফলে প্রাপ্তবয়স্ক হওয়ার পর অভিভাবকীয় নিয়ন্ত্রণের আওতা থেকে অ্যাকাউন্টটি বেরিয়ে আসবে।

জনপ্রিয়