Advertisement

রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

রুপপুরে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি চালান

ঢাকা থেকে কঠোর নিরাপত্তায় রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের আরও একটি নতুন চালান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের ভিতরে প্রবেশ করে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। এর আগে, সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দের উদ্দেশ‍্যে রওনা দেয় ইউরেনিয়ামের গাড়িবহর।

সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব‍্যবস্থায় সড়ক পথে রুপপুরে নেওয়া হয় পারমাণবিক জ্বালানি। ঢাকা থেকে রুপপুর পযর্ন্ত ব‍্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় সংশ্লিষ্ট জেলাগুলোর আইনশৃঙ্খলা বাহিনীর সদস‍্যরা। ইউরেনিয়ামের গাড়িবহর নির্বিঘ্নে প্রকল্প এলাকায় পৌঁছানোর লক্ষ‍্যে সড়কে সব ধরনের যানবাহন এবং জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হয়।

এর আগে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৪১ টন পারমাণবিক জ্বালানি নিয়ে সোমবার (২৬ অক্টোবর) সকাল ৮টা ১৪ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাশিয়ার একটি বিশেষ বিমান। বিমানটিতে ১২টি টিপিএসে মোট ৪১ টন পারমাণবিক জ্বালানি পরিবহন করা হয়। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য এই জ্বালানি আনা হয়েছে। এর আগেও কয়েক দফায় রাশিয়া থেকে জ্বালানি আমদানি করা হয়েছে। চলতি বছরের মধ‍্যে ইউরেনিয়ামের আরও কয়েকটি চালান রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রে আসার কথা রয়েছে।