ঠাকুরগাঁওয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাসায় নগদ টাকাসহ স্বর্ণালংকার চুরি
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বেলাল হোসেন (৬০) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বাসায় নগদ এক লক্ষ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার বালিয়া ইউনিয়নের বড়বালিয়া পাইকারমনি এলাকায় অবসরপ্রাপ্ত এএসআই বেলাল হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন ঐ এলাকার মৃত কাজিম উদ্দীন মন্ডলের ছেলে।
জানা যায়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বেলাল হোসেন ও তাঁর স্ত্রী ছেলের বাসায় বেড়াতে ঢাকায় গিয়েছিলেন। এ সময় বাসাটি ফাঁকা ছিল। এই সুযোগে দুর্বৃত্তরা বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে ঘরে থাকা ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ এক লক্ষ টাকা চুরি করে পালিয়ে যায়।
সোমবার সকালে বেলাল হোসেন ও তাঁর স্ত্রী বাড়িতে ফিরে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে পুলিশে খবর দিলে ভূল্লী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, চুরির ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জনপ্রিয়


















