Advertisement

খুলনায় ২৩ ঘণ্টার ব্যবধানে ৩ গুলির ঘটনা, এবার গুলিবিদ্ধ যুবদল নেতা

খুলনায় ২৩ ঘণ্টার ব্যবধানে ৩ গুলির ঘটনা, এবার গুলিবিদ্ধ যুবদল নেতা

খুলনায় প্রায় ২৩ ঘণ্টার ব্যবধানে তিনটি গুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে বটিয়াঘাটা উপজেলায় দুটি এবং নগরীতে একটি ঘটনা ঘটে। তিন ঘটনায় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজন সাবেক ছাত্রদল ও যুবদল নেতা। তাদের একজনের বিরুদ্ধে ১১টি এবং অন্যজনের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। অন্যদিকে, নগরীতে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

সর্বশেষ মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের চক্রাখালী বাজারসংলগ্ন বাদশার দোকানের সামনে গুলিবিদ্ধ হন অহিদুল ইসলাম বাদল (৩৫)। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বাদল বটিয়াঘাটা উপজেলার তেঁতুলতলা গ্রামের আলতাফ হাওলাদারের ছেলে। তিনি জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও ইউনিয়ন বিএনপির সভাপতি পদপ্রার্থী। খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, বাদলের বিরুদ্ধে হত্যা মামলাসহ আটটি মামলা রয়েছে।

এর আগে সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বটিয়াঘাটা উপজেলার বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে গুলি করে দুর্বৃত্তরা। তিনি উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমানে যুবদলের কর্মী। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের মধ্যে দুজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোহেলের বিরুদ্ধে মাদকসহ ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে নগরীর নিরালা আবাসিক এলাকার ১৭ নম্বর রোডে তামান্না টাওয়ারের দক্ষিণ পাশে নাসিম ট্রেডার্সের সামনে সালমান (২৩) নামে এক সিগারেট কোম্পানির কর্মীকে গুলি করে তার ল্যাপটপের ব্যাগ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শী ও প্রাথমিক তথ্য অনুযায়ী, দুটি মোটরসাইকেলে আসা চার দুর্বৃত্ত সালমানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পেটের ডান পাশে গুলি লাগে। পরে তার কাছে থাকা ল্যাপটপের ব্যাগ নিয়ে পালিয়ে যায় তারা।

সালমান একটি সিগারেট কোম্পানির পিয়ন হিসেবে কর্মরত। তিনি নিরালা আবাসিক এলাকার সবুজবাগের বাসিন্দা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তিনটি ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সোহেলকে গুলির ঘটনায় ঘটনাস্থল থেকে পিস্তলের একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, সোহেল শেখের বিরুদ্ধে মাদকসহ ১১টি মামলা রয়েছে। গুলির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

তিনটি ঘটনার মধ্যে বটিয়াঘাটায় দুই নেতাকে গুলি করার কারণ এবং নগরীতে গুলি করে ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত করছে। সূত্র-চ্যানেল 24

Advertisement
১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?

১৫০ কিমি গতিতে এগোচ্ছে অর্ণব, বাংলাদেশে প্রভাব কতটা?