মৌলভীবাজারে ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শুরু, জুম্মায় হাজারো মুসল্লির ঢল
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৫:০২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজার
ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে মৌলভীবাজারে শুরু হয়েছে তিন দিনব্যাপী আঞ্চলিক জেলা ইজতেমা। ইজতেমার প্রথম দিন শুক্রবার জুমার নামাজে অংশ নিয়েছেন জেলা ও আশপাশের এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি।
শুক্রবার (৬ নভেম্বর) জুম্মার নামাজে অংশ নেন মৌলভীবাজার রাজনগর ৩ আসনের সদস্য এম নাসের রহমান এমপি,জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান প্রমুখ।
জানা যায়, সকাল থেকেই মৌলভীবাজারের নির্ধারিত ইজতেমা ময়দানে বিভিন্ন উপজেলা ও দূরদূরান্তের এলাকা থেকে মুসল্লিরা দলে দলে যোগ দিতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
দুপুরে স্থানীয় ও আগত আলেমদের গুরুত্বপূর্ণ বয়ান শুনেন মুসল্লিরা। ঠিক দুপুর ১টায় জুমার আজান ও পরবর্তীতে খুতবা শেষে লাখো কণ্ঠে উচ্চারিত হয় খাস মোনাজাত ও আমিন ধ্বনি। বয়ানে অংশ নেওয়া বিশ্ব ইজতেমার প্রতিনিধি ও দেশীয় আলিমগণ ঈমান, আমল, দাওয়াত ও আখলাক উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী তিন দিন ধরে দেশ-বিদেশের খ্যাতনামা ওয়ায়েজ ও মুরব্বিরা পবিত্র কুরআন ও সুন্নাহর আলোকে বয়ান পেশ করবেন। আগামী শনিবার সকাল সাড়ে ১১ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘটবে এই ইজতেমার।
এছাড়া মুসল্লিদের নির্বিঘ্ন যাতায়াত এবং ওজু-গোসলের সুব্যবস্থা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী টিম কাজ করে যাচ্ছে।
জনপ্রিয়


















