কুবির প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ, অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
- কুমিল্লা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শুক্রবার (২৭ নভেম্বর) সদর দক্ষিণ মডেল থানায় এ মামলা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বাদী হয়ে মামলার এজাহার দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম।
এজাহারে আহত পথচারী মো. মামুন (৩০), বিশ্ববিদ্যালয়ের কার্য সহকারী মো. মনির হোসেন মুন্সি (৪৩) ও মো. জালাল উদ্দিন (৩৮), আনসার কমান্ডার মো. শাহজাহান খান (৪৩) এবং আনসার সদস্য শ্রী প্রসত্তম গোয়ালা (২৮), মো. নিষাদ ইসলাম (২৭) ও মো. সৌরভকে (৩০) সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এজাহারে বলা হয়, ঘটনার দিন সন্ধ্যার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে পথচারী মো. মামুন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে উপস্থিত লোকজন তাঁকে স্থানীয় একটি ফার্মেসিতে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। বিস্ফোরণের বিকট শব্দে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আশপাশের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় ঘটনাস্থলের আশপাশে থাকা লোকজন ছোটাছুটি শুরু করেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যসহ অন্যান্য নিরাপত্তাকর্মীরা আশপাশে খোঁজাখুঁজি করেও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পারেননি। ককটেল বিস্ফোরণের পর তাঁরা কৌশলে ঘটনাস্থল ত্যাগ করেন। খবর পেয়ে ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার ঘটনাস্থলে পৌঁছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রারকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ জব্দ করে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।
মামলার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, ‘গতকাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মামলার তদন্ত চলমান থাকায় এ বিষয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। আমরা বিষয়টি তদন্ত করছি।’
মামলার বাদী ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আমি বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। পুলিশ মামলাটি গ্রহণ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।’
উল্লেখ্য, গত ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রধান ফটকের সামনে দুর্বৃত্তদের নিক্ষেপ করা ককটেল বিস্ফোরিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ও এক অটোরিকশাচালক আহত হন।
জনপ্রিয়


















