Advertisement

সব সংকটে জিয়া পরিবার দেশের হাল ধরেছে: ইবি উপাচার্য

সব সংকটে জিয়া পরিবার দেশের হাল ধরেছে: ইবি উপাচার্য

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, বাংলাদেশ যখনই সংকটময় মুহূর্তে অবতীর্ণ হয়েছে, তখনই জিয়া পরিবার দেশের দায়িত্ব নিয়ে সংকট উত্তরণ ঘটিয়েছে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, “১৯৭৫ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করেছিলেন। একইভাবে ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর জনগণের অখণ্ড সমর্থনে বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ঠিক একইভাবে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে জনগণের জনরায়ে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।”

তিনি আরও বলেন, বিগত ১৭ বছরে দেশের অর্থনীতিসহ বিভিন্ন প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার ও তার মন্ত্রিসভা আপামর জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশকে নতুনভাবে পুনর্গঠন ও জনগণের সরকার হিসেবে প্রতিষ্ঠা করার নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ও সার্বিক উন্নয়ন প্রসঙ্গে উপাচার্য বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, তা বাস্তবায়নে আমরা কাজ করছি। বিগত দিনের ক্ষয়ক্ষতি কাটিয়ে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, যুগোপযোগী কারিকুলাম প্রণয়ন এবং শিক্ষার্থীদের দক্ষ মানসম্পন্ন জনশক্তি হিসেবে গড়ে তুলতে পদক্ষেপ নেওয়া হবে।”

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। পরবর্তীতে সেখান থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।

Advertisement
বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা

বাকৃবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সোনালী দলের আলোচনা সভা