দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়।
ইসি সূত্রে জানা গেছে, কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে দেশের ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি ইউপিতে ভোট নেয়া হবে। তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ও শেষ ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আগে প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। এরপর দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি এবং তৃতীয় ধাপে ২৯ এপ্রিল ভোট নেয়া হবে। চতুর্থ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৩ মে। সর্বশেষ পঞ্চম ধাপের ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ২৭ মে।
নির্বাচন কমিশন জানিয়েছে, সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ এলাকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তপসিল ঘোষণা করবেন। এর মাধ্যমে ধাপে ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করা হবে।
এর আগে গত সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপে দেশের ১৩১টি উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
তিনি আরও বলেন, প্রথম ধাপে ১৩১ উপজেলার ১ হাজার ২৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পাশাপাশি দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলার ১ হাজার ১০০টি ইউনিয়নে, তৃতীয় ধাপে ১১৮ উপজেলার ১ হাজার ইউনিয়নে, চতুর্থ ধাপে ৯৩ উপজেলার ৭৯৩ ইউনিয়নে এবং পঞ্চম ধাপে ৩৭ উপজেলার ৩৫০ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তফসিল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন বা এর কিছু সময় আগে-পরে তফসিল ঘোষণা করা হতে পারে। এ ক্ষেত্রে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।
ইসি সানাউল্লাহ আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগামী ১০ ডিসেম্বরের মধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু হবে। প্রাথমিকভাবে তিন ধাপে এই সংলাপ অনুষ্ঠিত হবে।


















