যশোরে মধ্যরাতে মাঠে পুলিশ সুপার, মোড়ে মোড়ে তল্লাশি
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১১:১৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- যশোর
যশোরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মধ্যরাতে নিজেই মাঠে নেমেছেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। বুধবার দিবাগত রাত ১টার দিকে সাদা পোষাকে তিনি নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথ ঘুরে দেখেন। এ সময় বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম তদারকির পাশাপাশি চলমান তল্লাশি অভিযান আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।
বুধবার গভীর রাতে হঠাৎ পুলিশ সুপারের মাঠে নামার বিষয়টি নজরে আসে। রাত ১টার দিকে তিনি নিজেই গাড়ি চালিয়ে শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় সড়কের বিভিন্ন স্থানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের কাছ থেকে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহন তল্লাশি এবং চলমান অভিযানের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে যশোর জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার কোথাও যাতে কোনো ধরনের নাশকতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন,যেখানেই নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টা চালানো হবে, সেখানেই তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই পুলিশের প্রধান লক্ষ্য।
জানা গেছে, এর আগে বুধবার বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত যশোরের আটটি উপজেলার নয়টি থানা এলাকায় একযোগে ৫৪টি স্থানে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান পরিচালনা করে জেলা পুলিশ। এ সময় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও প্রবেশপথে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হয়। বিশেষ করে মোটরসাইকেল আরোহীদের ওপর বাড়তি নজরদারি রাখা হয়। বুধবার জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের ১৭ নেতাকর্মীকে আটক করে। ওই অভিযানের ধারাবাহিকতায় গভীর রাতেও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের তৎপরতা অব্যাহত থাকে। মধ্যরাতে পুলিশ সুপারের সরাসরি মাঠপর্যায়ে উপস্থিতি এবং তল্লাশি কার্যক্রম তদারকির মধ্য দিয়ে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।
মধ্যরাতে পুলিশ সুপারের এই পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিরাজুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিশেষ নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা পুলিশ।
ছবি আছে
যশোরে কাভার্ড ভ্যানে বোমা নিক্ষেপ, চালক ও হেলপার আহত
যশোর অফিস
যশোরে ভোরে ঢাকা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক অগ্নিদগ্ধ এবং হেলপার কাচের আঘাতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের হামিদপুর নুরিতলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত চালক রাজিব (৪৫), যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। হেলপার হৃদয় (৪০), ঝিকরগাছা গ্রামের জনি শেখের ছেলে।
জানা যায়, ঢাকা থেকে যশোরগামী ঢাকা মেট্রো-ট-২২-৩৭২৭ নম্বরের কাভার্ড ভ্যানটি হামিদপুর নুরিতলা এলাকায় পৌঁছালে রাস্তার পাশে কলাবাগান থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে দুটি বোমা নিক্ষেপ করে। একটি বোমা গাড়ির বডিতে আঘাত করে এবং অপরটি পাশের খোলা গ্লাস দিয়ে ভেতরে প্রবেশ করে চালকের পাশে বিস্ফোরিত হলে গাড়িতে আগুন ধরে যায়। এতে চালক রাজিবের পিঠ, মুখ ও হাত অগ্নিদগ্ধ হয়। হেলপার হৃদয় গাড়ির কাচের আঘাতে আহত হন।
খবর পেয়ে চানপাড়া ক্যাম্পের টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। চালক রাজিব বর্তমানে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
জনপ্রিয়


















