একসময় ছিলেন বিরোধী দলের রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ। পেরিয়েছেন কারাবাস, রাজনৈতিক প্রতিকূলতা ও দীর্ঘ নির্বাসিত জীবন। দেশের বাইরে থেকেও সামলেছেন দলের নেতৃত্ব। ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরে নেতৃত্ব দিয়েছেন নির্বাচনে। সেই পথচলার পর এখন দেশের সরকারপ্রধান। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আজ জন্মদিন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর এবারই প্রথম জন্মদিন উদ্যাপন করছেন তিনি। রাজনীতিতে হাতেখড়ি থেকে রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছানোসহ দীর্ঘ এই পথচলায় রয়েছে নানা অধ্যায়।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। তিনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তার শৈশব কেটেছে সাধারণ পরিবেশে। পারিবারিক জীবনযাপনে ছিল অনাড়ম্বরতার চর্চা।
তারেক রহমানের শিক্ষাজীবন শুরু ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে। পরে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন।
বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রবিষয়ক বিভিন্ন চিন্তাবিদের দর্শন নিয়ে পড়াশোনা করেন তিনি। একই সময়ে তার মা খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। পারিবারিক রাজনৈতিক পরিবেশ ও দেশের রাজনৈতিক পরিস্থিতি তাকে রাজনীতির প্রতি আগ্রহী করে তোলে।
১৯৮৮ সালে বাবার জন্মস্থান বগুড়ার গাবতলী উপজেলায় বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠন ও সাংগঠনিক কার্যক্রমে অংশ নেন তিনি। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে খালেদা জিয়ার প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনের নির্বাচনী প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্বও পালন করেন। ১৯৯৩ সালে বগুড়া জেলা বিএনপির সদস্য হন তারেক রহমান। এরপর দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা বাড়তে থাকে। ধীরে ধীরে দলের গুরুত্বপূর্ণ নেতৃত্বে উঠে আসেন তিনি।
তারেক রহমানের রাজনৈতিক জীবনের কঠিন সময় আসে ২০০৭ সালে। সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তিনি। ওই সময় কারাগারে তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ ওঠে। একাধিক মামলার মুখোমুখি হওয়ার পর ২০০৮ সালে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তিনি। এরপর শুরু হয় দীর্ঘ প্রবাসজীবন।
দেশের বাইরে থাকলেও বিএনপির রাজনীতি থেকে বিচ্ছিন্ন হননি তারেক রহমান। লন্ডনে অবস্থান করেই দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও রাজনৈতিক আন্দোলনে নেতৃত্ব দেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তিনি। এরপর দীর্ঘ সময় বিদেশে থেকেই দলটির নেতৃত্ব দিয়েছেন।
প্রবাসজীবনে দেশে ফেরা, রাজনৈতিক অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়গুলো তার বক্তব্য ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্ব পায়। এ সময় রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাবও সামনে আনেন তিনি। এর মধ্যে ছিল ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসে। দীর্ঘদিন পর দেশে ফেরার পরিস্থিতি তৈরি হয় তারেক রহমানের জন্য। অবশেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। তার প্রত্যাবর্তন ঘিরে রাজধানীতে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
দেশে ফিরে সরাসরি রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন তারেক রহমান। দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়েও বক্তব্য দেন তিনি। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিএনপি। নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হন তারেক রহমান। এরপর ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তিনি।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বাদ জুমা গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা এবং উত্তর বারিধারার একটি এতিমখানায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এ ছাড়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মদিন পালন করবেন বলে জানা গেছে।
কারাবাস, দীর্ঘ প্রবাসজীবন, দলের নেতৃত্ব এবং নির্বাচনে বিজয়ের মধ্য দিয়ে তারেক রহমানের রাজনৈতিক পথচলায় এসেছে বড় পরিবর্তন। বিরোধী দলের নেতা থেকে দেশের প্রধানমন্ত্রী, এবার জন্মদিনটি তার জীবনের নতুন এক অধ্যায়ের মধ্যেই উদ্যাপিত হচ্ছে।


















