Advertisement

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তির চার যুগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাপ্তি-অপ্রাপ্তির চার যুগ
বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন ও বাউল সাধক লালন শাহের স্মৃতিবিজড়িত কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়। স্বাধীন বাংলাদেশে প্রতিষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ১৯৭৯ সালের ২২ নভেম্বর কুষ্টিয়া-ঝিনাইদহ শহর থেকে যথাক্রমে ২৪ ও ২২ কিলোমিটার দূরে শান্তিডাঙ্গা ও দুলালপুর গ্রামে ১৭৫ একর জমির ওপর প্রতিষ্ঠিত হয়। তবে শুরুটা একদমই ভালো কাটেনি বিশ্ববিদ্যালয়টির। প্রতিষ্ঠিত হওয়ার পর কুষ্টিয়া থেকে গাজীপুর আবার গাজীপুর থেকে কুষ্টিয়া স্থানান্তরিত হওয়ার মধ্য দিয়ে কেটে যায় প্রথম যুগ। সর্বশেষ ১৯৯০ সালের ২৪ ফেব্রুয়ারি আবার শান্তিডাঙ্গা-দুলালপুরে স্থায়ী হয়। শুরু থেকেই ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস পালন করে আসছে প্রশাসন। আজ রবিবার বিশ্ববিদ্যালয়টি ৪৮ বছরে পদার্পণ করবে। প্রথম যুগ ভালো না কাটলেও বিশ্ববিদ্যালয়টি পরবর্তী দুই যুগে সাফল্যের দেখা পেয়েছে। তবে প্রাপ্তির সঙ্গে অপ্রাপ্তিও কম নয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্য নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষ থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়। সূচনালগ্নে মাত্র দুটি অনুষদের চারটি বিভাগে ৩০০ ছাত্র নিয়ে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে নয়টি অনুষদের অধীনে ৩৮টি বিভাগে প্রায় ১৯ হাজার ৮৯৬ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। বিভাগুলোতে বর্তমানে শিক্ষক রয়েছে ৪১৫ জন। বিভাগগুলোর শিক্ষক-শিক্ষিকারা তাদের মেধা ও গবেষণার ফল হিসেবে বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের অন্যতম সেরা পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত করতে সক্ষম হয়েছে। শিক্ষায় প্রধানমন্ত্রী স্বর্ণপদকসহ দেশের বিভিন্ন অঙ্গনে নিজেদের মেধার পরিচয় দিয়েছে শিক্ষার্থীরা। শুধু পড়ালেখায় নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনেও দাপট দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নয়টি আবাসিক হল (ছেলেদের ৬ টি ও মেয়েদের  ৩টি) রয়েছে। আরও তিনটি হল নির্মাণাধীন রয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়টিতে দেশের ক্যাম্পাসভিত্তিক সবচেয়ে বৃহত্তম শহীদ মিনার, বৃহত্তম মসজিদ, স্মৃতিসৌধ ও এক হাজার ২০০ আসনের শিক্ষার্থী মিলনায়তন রয়েছে।
এত প্রাপ্তির পরও কয়েকটি কারণে হতাশার জায়গাটাই বেশি বড়। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার যুগেও বিভাগ রয়েছে মাত্র ৩৮টি। শিক্ষার্থীদের জন্য ছয়টি একাডেমিক ভবন থাকলেও রয়েছে ক্লাসরুম সংকট। এছাড়াও সিংহভাগ বিভাগে প্রয়োজনের তুলনায় রয়েছে শিক্ষক সংকট। বিভাগ গুলোতে মাল্টিমিডিয়া সম্বলিত ক্লাসরুম, সেশনজট ও পর্যাপ্ত ক্লাসরুমের অভাব রয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের মীর মুগ্ধ সরোবর সংলগ্ন  ১০ তলা গোলাম মোস্তফা একাডেমিক ভবন নির্মাণাধীন রয়েছে। এদিকে ৪৭ বছরে জোরদার হয়নি নিরাপত্তা ব্যবস্থা। পর্যাপ্ত নিরাপত্তাকর্মীর অভাবে ক্যাম্পাস ঝুঁকিপূর্ণ ও নানা সময়েই অপ্রীতিকর ঘটনা ঘটছে। এছাড়া ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সীমানা অরক্ষিত, আনসার সংকট, পর্যাপ্ত আলোকস্বজ্জা এবং সিসিটিভি সংকট রয়েছে।
সম্পূর্ণ আবাসিক ও আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু হলেও চার যুগেও তা সম্ভব হয়নি। বিশ্ববিদ্যালয়ের ১৯ হাজার ৮৯৬ জন শিক্ষার্থীর মধ্যে আবাসন রয়েছে মাত্র তিন হাজার ২৭৫টি। ফলে মোট শিক্ষার্থীর ৮৪ শতাংশই আবাসন সুবিধাবঞ্চিত। বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ আবাসন ব্যবস্থা না থাকায় অনাবাসিক শিক্ষার্থীদের বেশির ভাগ কুষ্টিয়া-ঝিনাইদহ শহরে থাকে। ফলে প্রতিদিন তিন-চার ঘণ্টা সময় পথে নষ্ট করে ক্যাম্পাসে যাতায়াত করে। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে প্রায় ২০ জন ডাক্তার (খন্ডকালীনসহ) কর্মরত রয়েছে। তবে চিকিৎসার বিভিন্ন আধুনিক যন্ত্র নেই বললেই চলে। থাকলেও সেগুলো চালানোর দক্ষ জনবল নেই। তাই অপ্লতেই উন্নত চিকিৎসার জন্য শিক্ষার্থীদের ছুটতে হয় কুষ্টিয়া কিংবা ঝিনাইদহ শহরে। বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে মোট ৭৬টি বাস রয়েছে। এর মধ্যে নিজস্ব বাস ৪৩টি এবং ভাড়াকরা ৩৩টি। এর মধ্যে আবার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ রয়েছে। ফলে শিক্ষার্থীদের বরাদ্দকৃত বাসে প্রায়শই দাঁড়িয়ে তাদের নিজ গন্তব্যে পৌঁছাতে হয়। এদিকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চার যুগে সমাবর্তন হয়েছে মাত্র চারবার। প্রথম সমাবর্তন ১৯৯৩ সালের ২৭ এপ্রিল, দ্বিতীয়টি ১৯৯৯ সালের ৫ নভেম্বর এবং তৃতীয়টি ২০০২ সালের ২৮ মার্চ, চতুর্থ সমাবর্তন ২০২১৮ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সমাবর্তন আয়োজনে দীর্ঘ সময় নেওয়া, আবাসন সুবিধা ও একাডেমিক কারিকুলামের আশাব্যঞ্জক উন্নতি না হওয়ায় হতাশ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী ইসমাম হোসাইন তন্দ্রা বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত ১৭৫ একরের এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া আমার জীবনের অন্যতম বড় প্রাপ্তি। তাই ইসলামী বিশ্ববিদ্যালয়কে ঘিরে আমার আবেগ, ভালোবাসা ও প্রত্যাশা অন্যরকম। এই বিশ্ববিদ্যালয়কে আরও উন্নত, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব হিসেবে দেখতে চাই। বাংলা বিভাগের শিক্ষার্থী মরিয়ম ফেরদৌস বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়, এটি নারী শিক্ষার্থীদের জ্ঞান, মর্যাদা ও নেতৃত্বের প্রতীক হওয়ার সুযোগও বহন করে। গবেষণা, বিতর্ক, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, স্বেচ্ছাসেবী কাজ এবং নেতৃত্বে নারীদের অংশগ্রহণকে স্বীকৃতি দিতে হবে।নারী শিক্ষার্থীদের মেধা, সাহস, সৃজনশীলতা ও নেতৃত্বকে সম্মানের সঙ্গে মূল্যায়ন করা হলে ইবি সত্যিই জাতীয় পর্যায়ে নারী শিক্ষার রোল মডেল হতে পারে। যা সমগ্র দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।’ ফোকলোর এন্ড সোশ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী জিন্নাত মালিহাত সীমা বলেন, ‘বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনের কাছে প্রত্যাশা, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য, ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞানের সমন্বয় সঠিকভাবে ধারণ করবে। ইসলামী আদর্শের চর্চা হোক, তবে তার নামে কোনো অমুসলিম কিংবা নারী শিক্ষার্থী যেন হেয় বা বৈষম্যের শিকার না হয়। এটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় হলেও প্রত্যেক শিক্ষার্থীর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা সমান হওয়া উচিত। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে ইসলামী মূল্যবোধ, আধুনিক জ্ঞানচর্চা, ন্যায়বিচার ও মানবিকতার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী সমান মর্যাদায় নিরাপদে থাকতে পারে।’ ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের আরেক শিক্ষার্থী উর্মিলা তন্নী পারিসা বলেন, ‘আমার কাছে ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি ভালোবাসা, আবেগ ও স্বপ্নের একটি জায়গা।পড়াশোনার পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়মিত বিভিন্ন সাংস্কৃতিক ও সহশিক্ষামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়, যা শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রত্যাশা করছি ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, প্রযুক্তি, অবকাঠামো এবং শিক্ষার গুণগত মানের দিক থেকে আরও সমৃদ্ধ ও আধুনিক হয়ে উঠুক।’ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়টি দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বিধায় অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। সময়ের সঙ্গে মিল রেখে বিভিন্ন বিষয়ের উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। চিকিৎসা সেবা, গবেষণা ও আবাসন সংকট কাটিয়ে উঠতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সবার সহযোগিতা পেলে এ বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম প্রধান পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে পারব।’
জনপ্রিয়