৭ নভেম্বর। ১৯৭৫ সাল। বাংলাদেশের জাতীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। জাতি তার মহান নেতাকে খুঁজে পায়। ঠিক ১৯৭১ সালে মতো। সেদিন জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, ৭ নভেম্বরও তার ডাকে একইভাবে ঐক্যদ্ধ হয়। ৭ নভেম্বরের তাৎপর্য বিশ্লেষণ করতে গেলে একটু পেছনে যেতে হয়।
১৯৭১ সাল। পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এই দেশের দোসরদের সহযোগিতা নিয়ে বর্বর হত্যাকাণ্ড, নির্যাতন এবং ধ্বংসযজ্ঞ পরিচালনা করে। রাজনৈতিক নেতৃত্ব চরমভাবে ব্যর্থতার পরিচয় দেয়। জাতি কিংকর্তব্যবিমূঢ়। এই সময়ে জাতি একজন নেতা খুঁজছিলেন, যার উপর আস্থা রাখা যায়। যাকে ঘিরে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা যায়। ঠিক সেই সময় ত্রাণকর্তা হিসেবে জাতির সামনে হাজির হন মেজর জিয়া। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন তিনি। যা মুহুর্তের মধ্যে দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে। জাতি দিশা ফিরে পায়। জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় ঐক্যবদ্ধভাবে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি, নিজেও রণাঙ্গনে থেকে যুদ্ধ করেছেন এই সেক্টর কমান্ডার। মাত্র ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যদিয়ে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ নামক একটি নতুন রাষ্ট্রের জন্ম লাভ করে। ১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস।
বীর উত্তম মেজর জিয়াউর রহমানের কোনো উচ্চাভিলাষ ছিল না। গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটি ফিরে যান ব্যারাকে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে দেশ স্বাধীন হয়। তবে, শেখ মুজিবুর রহমানের শাসনামল (১৯৭২-১৯৭৫) ছিল ঠিক তার বিপরীত। এই সময়ে দুর্নীতি, কালোবাজারি, চোরাচালান, লুটপাট ও প্রশাসনিক অনিয়ম নিয়মে পরিণত হয়। বিরোধী রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যা ও গুমসহ নানাভাবে রক্ষীবাহিনী দমন-পীড়ন চালায়। বাংলাদেশ একটি বৈষম্যমূলক রাষ্ট্রে পরিণত হয়। এর ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিলে খেতে না পেয়ে বহু মানুষ মারা যান। এমন পরিস্থিতিতে দেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার পাশাপাশি সংবাদপত্রের স্বাধীনতা সংকুচিত এবং রাজনৈতিক অধিকার সীমিত করা হয়। জাতি নানা ধারায় বিভক্ত হয়ে পড়ে। এমন এক পরিস্থিতিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান হত্যার শিকার হন।
এরপর থেকে দেশে নানা অস্থিরতা দেখা দেয়। একটি পক্ষ দেশকে তাবেদার রাষ্ট্রে পরিনত করতে চলে নানা ষড়যন্ত্র। ৩ নভেম্বর ভোরবেলা। বিপথগামী ব্রিগেডিয়ার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাপ্রধান জিয়াউর রহমানকে ক্যান্টনমেন্টের বাসভবনে বন্দি করা হয়। পাশাপাশি উচ্চাভিলাষী খালেদ মোশাররফ নিজেকে সেনাপ্রধান ঘোষণা দেন। ভীতিকর এক পরিস্থিতি উদ্ভব হয়। এমন পরিস্থিতিতে দেশে কার্যত ৩, ৪ ও ৫ নভেম্বর কোনো সরকার ছিল না। চার দিন পর ৬ নভেম্বর রাত ২ টার দিকে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বন্দিশালা থেকে মুক্ত হন মেজর জিয়া ।
রেডিও বাংলাদেশ থেকে স্বাধীনতা-সংগ্রামের অগ্রনায়ক মেজর জিয়াউর রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান সামরিক আইন প্রশাসক ও সেনাবাহিনীর চিফ অব স্টাফের দায়িত্বভার গ্রহণের সংবাদ প্রচার করা হয়। এই খবর প্রচারের সঙ্গে সঙ্গে বাঁধভাঙা বন্যার স্রোতের মতো রাজপথে নেমে আসে করতালি আর স্লোগানে মুখর স্বতঃস্ফূর্ত লাখো জনতার ঢল আর আনন্দ মিছিল। সিপাহি জনতা একাকার হয়ে যায়। ‘৭১ সালের ১৬ ডিসেম্বরের পর ঢাকার রাজপথে জনতা-সেনাবাহিনী মিলন দেখল জাতি। ৭ নভেম্বর রেডিওতে ভেসে এলো এক পরিচিত কণ্ঠ, ‘আমি জিয়া বলছি।’ দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ এবং কঠোর পরিশ্রম করার আহ্বান জানান তিনি। জিয়াউর রহমানের সংক্ষিপ্ত ভাষণে বিভক্তি জাতি ঐক্যবদ্ধ হয়। তার এই ভাষণে জাতীয় ঐক্য ও সংহতির দৃশ্য জীবন্ত হয়ে উঠেছিল। সংবাদপত্রের পাতায় দিনটির বর্ণনা জীবন্ত সাক্ষী হয়ে আছে। সত্যিকারের গণতন্ত্রে বিশ্বাসী এই মানুষটিকে সিপাহি জনতা বন্দিদশা থেকে মুক্ত করে রাষ্ট্রক্ষমতায় বসিয়ে দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পর সঠিক পথের দিশা দিয়েছিল ৭ নভেম্বর।
মার্কিন গবেষক মার্কাস এফ. ফ্রান্ডা তার Ziaur Rahman’s Bangladesh (1979) গ্রন্থে দেখিয়েছেন, জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থান বাংলাদেশের ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে তার নেতৃত্ব, স্বাধীনতার ঘোষণা পাঠ এবং রণাঙ্গনে তার সামরিক অবদান তাকে জাতীয় পর্যায়ে স্বতন্ত্র পরিচিতি ও গ্রহণযোগ্যতা এনে দেয়। ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে তিনি আবারও জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসেন।
১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে খেমকরণ রণাঙ্গনের বেদিয়ানে ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে জিয়াউর রহমান তার সাহস ও নেতৃত্বের প্রমাণ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধের পর তা দেখালেন ৭ নভেম্বর।
কিছু স্মৃতি কিছু কথা বইয়ে ‘জিয়া ও সাত নভেম্বর’ শিরোনামে লেখায় সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমান উল্লেখ করেছেন,‘আমার মনে পড়ে, ঢাকা সেনানিবাসে তিনি (জিয়াউর রহমান) এ সময়ে এক সৈনিক দরবারে এসেছিলেন। মাঠে অস্ত্র উঁচিয়ে উচ্ছৃঙ্খল সৈনিকের ভিড়। চতুর্দিকে মুহুর্মুহু স্লোগান ‘জিয়া ভাই, জিয়া ভাই’। ঢাকা সেনাসিবাসের আকাশ-বাতাস মুখরিত। পতাকাবাহী গাড়ি রাস্তায় রেখে তিনি হেঁটে সৈনিকের ঠিক মাঝখানে চলে আসেন। মাইক্রোফোনটা হাতে নিয়ে চিৎকার করে বলতে শুরু করেন, Shut-up. I am not Zia bhai. I am bloody well your chief. Behave properly. তোমরা সকলে চুপ করো। আমি তোমাদের ভাই নই। আমি তোমাদের সেনাপ্রধান। সাবধানে কথা বলো। সেনা শৃঙ্খলা ভঙ্গ আমি কখনও সহ্য করব না।’
বইয়ে মাহবুবুর রহমান আরও উল্লেখ করেন, তিনি (জিয়াউর রহমান) সকলকে ব্যারাকে ফিরে যাওয়ার আদেশ দেন। অস্ত্র জমা দিতে বলেন এবং চেইন অব কমান্ডে ফিরে আসতে বলেন। অবাক বিস্ময়ে আমি লক্ষ্য করি, মুহূর্তের মধ্যে সমস্ত কোলাহল স্তব্ধ, সৈনিকরা লাইন ধরে সুড় সুড় করে আপন আপন ইউনিটের দিকে ধাবমান। আমার কাছে সেদিন জিয়াকে মনে হয়েছিল তিনি যেন সেই হ্যামিলনের বংশীবাদক, যার বাঁশির সুরে হ্যামিলন নগরীর সকল শিশু-কিশোর যে যেখানে ছিল তার পেছনে ছুটে চলেছে। সাবেক সেনাপ্রধান লে. জেনারেল মাহবুবুর রহমানের লেখা থেকেই বুঝতে পাড়া যায় জিয়াউর রহমানের ব্যক্তিত্ব ও সেনাবাহিনীতে তার জনপ্রিয়তার মাপ।
ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জিয়ার সত্যিকারের গণতন্ত্রের প্রতি পূর্ণ বিশ্বাস ছিল। গণতন্ত্রের চেতনায় তাড়িত হয়ে তিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়ে যুদ্ধ পরিচালনা করেছিলেন। স্বাধীনতার ঘোষণা, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, কৃষি ও অর্থনীতির ভিত শক্তিশালী করার ক্ষেত্রে জিয়ার অনন্য অবদান। রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হয়ে প্রথমেই সংবিধানের চতুর্থ সংশোধনী বাতিল করে বহু দলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ঘটান। গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন।
জিয়াউর রহমানের কালজয়ী নেতৃত্বে ক্ষতবিক্ষত বাংলাদেশ এক অলৌকিক পুনর্জীবন লাভ করে। স্বাধীনতার পর চাপিয়ে দেওয়া বিভেদ সৃষ্টিকারী ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি প্রবর্তন করেন ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’। এই ভূখণ্ডের প্রতিটি নাগরিককে একই পতাকাতলে একত্রিত করার সার্বজনীন দর্শন। এ দর্শনের বলেই পাহাড় থেকে সমতল; টেকনাফ থেকে তেতুলিয়া; রূপসা থেকে পাথুরিয়া- সবারই জাতি পরিচয় বাংলাদেশি।
বাংলাদেশের অর্থনীতি আজ কৃষি, তৈরি পোশাকশিল্প ও প্রবাসী আয়— এই তিনটি স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে। এই তিনটি ক্ষেত্রে ভিত শক্তিশালী করতে জিয়াউর রহমানের অবদান অনন্য। কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন, গ্রামীণ উন্নয়ন এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলেন। স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালী, যুবসমাজকে উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত, বৈদেশিক সম্পর্ক উন্নয়ন ও শ্রমবাজার সম্প্রসারণের উদ্যোগও জিয়াউর রহমানের। মোটা দাগে যদি বলতে বলা হয়, রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পান মেজর জেনারেল জিয়াউর রহমান। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে তিনি জাতীয়তাবাদ, স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বাংলাদেশের নিজস্ব রাষ্ট্রীয় পরিচয়কে কেন্দ্র করে একটি নতুন রাজনৈতিক ধারার প্রাতিষ্ঠানিক রূপ দেন।
আধুনিক বাংলাদেশের এই রূপকার ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে সামরিক বাহিনীর কিছু বিপথগামী সেনাসদস্যের হাতে জিয়াউর রহমান শহীদ হন। ক্ষণজন্মা এই রাষ্ট্রনায়ককে হারিয়ে বাংলাদেশ যেন নিঃশব্দ হয়ে যায়। সততা, সাহস, বুদ্ধিমত্তা, সৃজনশীলতা ও গভীর দেশপ্রেম দিয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা ছিল তার।
আধুনিক বাংলাদেশের রূপকার ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং অসম্ভব জনপ্রিয় এই রাষ্ট্রনায়কের দেখানো পথে তার স্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ ৯ বছর লড়াই সংগ্রাম করে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। তার নেতৃত্বে জনগণের ভোটে তিন বার বিএনপি সরকার গঠন করে।
বিরোধী নেতাকর্মীদের হত্যা, গুম ও খুন করে কখনও সেনা সমর্থনে, কখনও একতরফা নির্বাচন, কখনও দিনের ভোট রাতে — এভাবে জোর করে দীর্ঘ সাড়ে ১৫ বছর টানা ক্ষমতা দখল করে রাখে শেখ হাসিনা। এই সময়ে দেশে থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রবাস থেকে তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের সফলতা আসে ২০২৪ সালের ৫ আগস্ট। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে পাশের দেশ ভারতে অবস্থান নেন।
গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান। তারেক রহমানের নেতৃত্বে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় লাভ করে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করে। কিন্তু শেখ হাসিনার দীর্ঘ শাসনামলের দুর্নীতি, লুটপাট, অর্থপাচারে ভঙ্গুর অর্থনীতির পাশাপাশি মধ্যপ্রাচ্য সংঘাত দেশকে বড় সংকটের মুখে ফেলেছে। এই অবস্থায় বাবা জিয়াউর রহমান, মা খালেদা জিয়ার দেখানো পথে হেঁটে পরিকল্পিতভাবে দেশ পরিচালনায় তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। এই অবস্থায় বলা যায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ৯০ গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের সংকটে ত্রাণকর্তা হিসেবে জিয়া পরিবার জাতির পাশে দাঁড়িয়েছে, জাতিও জিয়া পরিবারের ওপর আস্থা রেখেছে। জাতির আস্থার প্রতিদান দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত নিরলস পরিশ্রম করে চলেছেন। দেশ ও জাতীয়বাদী শক্তির বিরুদ্ধে যে ষড়যন্ত্র তা এখনো চলমান আছে। এই অবস্থায় ৭ নভেম্বর নয়াপল্টনে প্রধানমন্ত্রী ও বিএনপি
চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের ছাত্র জনতা শুধু স্বাধীনতা-সার্বভৌমত্বকে ফিরিয়ে আনে নাই। দেশের মানুষ স্বৈরাচার, ষড়যন্ত্রকারীদের দেশ থেকে বিতাড়িত করেছে। যেভাবে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সেই অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্ট একইভাবে সেই অপশক্তি পরাজিত হয়েছে, দেশের মানুষের অংশগ্রহণে, আন্দোলনের মধ্য দিয়ে।
অতীতের মতো এখনও একটি পক্ষ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আবারও তারা বাংলাদেশের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করতে চায়, আবার তারা আমি-ডামি নির্বাচনের ব্যবস্থা চালু করতে চায়। এ সুযোগ আর দেওয়া হবে না।
সূত্র-বাসস


















