সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মুখ জয়পুরহাটের ক্ষেতলালের “কচু বাবা” খ্যাত রেজাউল ফকির ও “কচু বিবি” খ্যাত জাকিয়ার সংসার ভেঙেছে বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায়। গত জুলাই মাসের প্রথম দিকে তাঁদের বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকেই নানা ঘটনা নিয়ে আলোচনায় ছিলেন তাঁরা। এবার বিচ্ছেদের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন এই জুটি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কচু বিবি জাকিয়াকে বলতে শোনা যায়, আমি ওকে স্বামী তালাক করেছি। হামাক ওক ভালো লাগছিলো, হামি আইচ্ছি। এখন হামাক ভাল লাগতিছে না, হামি চলে যাচ্ছি। একই ভিডিওতে তাঁকে আরও বলতে শোনা যায়, আমি তোকে তালাক দিয়েছি, তুই আমার কেউ না তুই। অন্যদিকে কচু বাবা রেজাউল ফকিরকে বলতে শোনা যায়, আলহামদুলিল্লাহ।
পাখি মুক্ত, পাখি মুক্ত, আমিও আজ থেকে মুক্ত। ভিডিওতে তাঁকে পাশে থাকা এক তরুণের সঙ্গে কচু বিবির হাত মিলিয়ে দিতেও দেখা যায়। তাঁদের বিচ্ছেদের বিষয়টি রেজাউল ফকির নিজেও নিশ্চিত করেছেন।
বিচ্ছেদের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন রেজাউল ফকির। সেখানে তিনি লেখেন, নিয়তি তোরে সালাম। নষ্ট নারী কখনো ভালো হতে পারে না। আবারও প্রমাণ করে দিলি রে কচু বিবি। তোর অতীতের সবকিছু ভুলে গিয়ে পুরো আপন করেছিলাম। এখন বুঝলাম, তোর আগের স্বামী যা কিছু বলেছিল, সবকিছুই ঠিক ছিল, আমি ভুল ছিলাম।
বিচ্ছেদের কারণ জানতে কচু বাবা রেজাউল ফকিরের সঙ্গে কথা হলে তিনি জানান, আজ রবিবার সকালে তাঁরা দুজন একসঙ্গে কচুর জমিতে কাজ করছিলেন। দুপুরে বাড়িতে খেতে আসার সময় তাঁর স্ত্রী অন্য একজনের মোটরসাইকেলে করে বাইরে যান। বিষয়টি দেখে তাঁর বাবা তাঁকে জানান। এর কিছুক্ষণ পর ফুলদিঘি বাজার থেকে এক ব্যক্তি ফোন করে বলেন, তাঁর স্ত্রীকে অন্য একজনের সঙ্গে মোটরসাইকেলে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।
রেজা আরও জানান, খবর পেয়ে তিনি ওই ব্যক্তিদের আটকাতে বলেন। পরে শিবপুর এলাকায় তাঁদের আটক করা হয়। খবর পেয়ে তিনি সেখানে গেলে তাঁর স্ত্রী তাঁকে খাবার খাওয়ার কথা বলেন। একপর্যায়ে সবার উপস্থিতিতে তাঁর স্ত্রী তাঁকে তালাক দেন। পরে তিনি স্ত্রীকে তাঁর ভাইয়ের হাতে তুলে দেন।
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রেজাউল ফকির ওরফে রেজার বাড়ি ক্ষেতলাল উপজেলার বিনাই পাঁচখুপি গ্রামে। তাঁর বাবার নাম বাচ্চু ফকির। অন্যদিকে কচু বিবি জাকিয়ার বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের ছাত্ররা গ্রামে।
রেজাউলের সঙ্গে বিয়ের আগে জাকিয়ার অন্য সংসার ছিল। তাঁর আগের স্বামী ছিলেন বিনাই পাঁচখুপি গ্রামের প্রবাসী কিবরিয়া রিপন। পরবর্তী সময়ে রেজাউল ও জাকিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে জানা গেছে। সেই সম্পর্কের সূত্র ধরেই তাঁদের বিয়ে হয়।
বিয়ের আগে অন্যের স্ত্রীকে নিয়ে এসে বিয়ে করার ঘটনাটি এলাকায় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। বিয়ের পরও নানা ঘটনা ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন কনটেন্টের কারণে আলোচনায় ছিলেন এই জুটি। তবে সেই আলোচিত দাম্পত্য জীবনের ইতি ঘটল মাত্র পাঁচ মাসের ব্যবধানে।
এদিকে বিচ্ছেদের ভিডিও ও কচু বাবার ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ তাঁদের বিচ্ছেদ নিয়ে মন্তব্য করছেন, আবার কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে আগ্রহ প্রকাশ করছেন। রেজাউল ফকিরের বক্তব্যে বিচ্ছেদের পেছনে স্ত্রীর বিরুদ্ধে অভিযোগের ইঙ্গিত পাওয়া গেলেও তাঁর অভিযোগের বিষয়ে কচু বিবি জাকিয়ার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
কেন তাঁদের সংসার ভেঙে গেল, বিচ্ছেদের পেছনে আসলে কী ঘটেছিল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বাইরেও ঘটনার অন্য কোনো দিক রয়েছে কি না, তা জানতে কচু বিবি জাকিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।

















