উত্তরের সীমান্ত জনপদ পঞ্চগড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। দিন ও রাতের তাপমাত্রা কমার পাশাপাশি হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। চলতি মৌসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এর আগের দিন শনিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিন ও রাতের তাপমাত্রা ক্রমাগত কমতে থাকায় বাড়ছে শীতের অনুভূতি। সন্ধ্যা থেকে পরদিন সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করছে যানবাহন।
যানবাহন চালকেরা জানান, রাত থেকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও ভোরের দিকে তা ঘন হয়ে চারপাশ ঢেকে ফেলছে। সূর্যের দেখাও মিলছে দেরিতে। ফলে দুর্ঘটনা এড়াতে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে যানবাহন চালাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলায় সন্ধ্যা নামতেই বইতে শুরু করছে ঠান্ডা বাতাস। বাড়ছে কুয়াশার ঘনত্ব। উত্তর-পশ্চিম দিক থেকে আসা হিমেল বাতাস শীতের অনুভূতি আরও বাড়িয়ে দিচ্ছে। রাত যত গভীর হচ্ছে, কুয়াশা ও শীতের তীব্রতাও তত বাড়ছে।
শীতের প্রভাব পড়েছে নদীকেন্দ্রিক মানুষের জীবন-জীবিকায়ও। সারা রাত নদীর পানি ঠান্ডা থাকায় পাথর সংগ্রহের কাজে বিঘ্ন ঘটছে। সময়মতো কাজে যেতে না পারায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। অনেকেই কাজ হারাচ্ছেন, যার প্রভাব পড়ছে তাঁদের দৈনন্দিন আয়-ব্যয়ে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েক দিন ধরে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমতে শুরু করেছে। হিমেল বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বাড়ছে। আগামী মাসের শুরুতে তাপমাত্রা আরও কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
সূত্র-চ্যানেল24

















