Advertisement

জন্মনিয়ন্ত্রণ পিল খেলে কী মেয়েরা মোটা হয়ে যায়

জন্মনিয়ন্ত্রণ পিল খেলে কী মেয়েরা মোটা হয়ে যায়

জন্মনিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর এবং জনপ্রিয় মাধ্যমগুলোর মধ্যে অন্যতম হলো মুখে খাওয়ার পিল বা ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল। যা নিয়ে সমাজে নানা ধরনের ভুল ধারণা, ভয় আর প্রশ্ন দেখা যায়। কারও প্রশ্ন, পিল খেলে কি সত্যিই ওজন বাড়ে? আবার কেউ কেউ জানতে চান, পিল খেলে পরবর্তীতে শরীরে কোনো দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রভাব পড়ে কি না।

এমন নানা প্রশ্ন থাকলেও বহুল প্রচলিত ধারণা হলো, পিল খেলে মেয়েরা মোটা হয়ে যায়। এ ব্যাপারে বিশেষজ্ঞরা বলছেন, এই ধারণা ঠিক নয়। আগে পিল খেলে মোটা হতো এমন ধারণা থাকলেও, বর্তমান সময়ের আধুনিক লাইট পিলগুলোর ক্ষেত্রে তা ঠিক নয়। আধুনিক চতুর্থ প্রজন্মের পিলগুলোতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই বললেই চলে। বরং এসব পিল মাসিক নিয়মিতকরণসহ নানা চিকিৎসায় কার্যকর ও উপকারী।

পিল খাওয়া নিয়ে নারীদের মধ্যে নানা প্রশ্ন ও ভ্রান্ত ধারণা রয়েছে, যার অধিকাংশই ভুল বলে জানিয়ে থাকেন চিকিৎসকরা।

আবার অনেকেরই ধারণা, পিল খেলে পিরিয়ডের বা মাসিকেরও সমস্যা হয়। কিন্তু বিশেষজ্ঞরা জন্মনিয়ন্ত্রণ ছাড়াও অনিয়মিত মাসিক, অতিরিক্ত রক্তস্রাব, তলপেটে ব্যথা বা সিস্টের চিকিৎসায় পিল খাওয়ার পরামর্শ প্রদান করে থাকেন। আর টানা দীর্ঘসময় পিল না খেয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে বিরতি দিয়ে পিল খাওয়া উচিত। বেশি বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলে পিল খাওয়ার ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

এছাড়া, নারীদের মধ্যে আরেকটি বড় ভুল ধারণা হলো―পিল খেলে ভবিষ্যতে সন্তান ধারণের ক্ষমতা বা ফার্টিলিটিও নাকি কমে যায়। এ বিষয়ে আলোকপাত করে চিকিৎসকরা জোরালোভাবে জানিয়েছেন, পিল বন্ধ করার পর সাময়িকভাবে পিরিয়ড শুরু হতে কিছু কালক্ষেপণ হতে পারে। যা নারীর প্রজনন ক্ষমতায় কোনো নেতিবাচক প্রভাব ফেলে না। তবে, ৪০ বছরের বেশি বয়স, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা লিভারের সমস্যা থাকলে পিল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।