Advertisement

কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন

কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির মতবিনিময় ও কর্মী সম্মেলন
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির মত-বিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব খানকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও জাকির হোসেনকে যুগ্ম সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলের দিকে কেন্দুয়া উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আবু ইউসুফের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি মো. মুকুল খান, কেন্দ্রীয় যুব সংহতির সদস্য আব্দুল আউয়াল ভূঞা শুভসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে নেতা-কর্মীদের ঐক্য সুদৃঢ় করা এবং দলকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়। নবগঠিত কমিটির নেতারা কেন্দুয়া উপজেলায় জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সম্পৃক্ততা বাড়ানোর মাধ্যমে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।