ঠাকুরগাঁওয়ে উপ-নির্বাচন: জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- ঠাকুরগাঁও
রাত পোহালেই ভোট। রাষ্ট্রপতির ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার রফিকুল হক এবং পুলিশ সুপার বেলাল হোসেন।
ভোটের আগের দিন আজ বুধবার নির্বাচনকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রসমূহ সরেজমিনে পর্যবেক্ষণ করেন তারা।
পরিদর্শনকালে জেলা প্রশাসক রফিকুল হক কেন্দ্রসমূহের বুথ গঠন, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখেন। তিনি দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশে বলেন, “একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে।”
পুলিশ সুপার বেলাল হোসেন সেন্টারের আশপাশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং কর্তব্যরত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “ভোটাররা যাতে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া স্বচ্ছন্দে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেন্দ্র ও তার আশপাশে কঠোর নজরদারি বহাল থাকবে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রিজাইডিং অফিসারগণ উপস্থিত ছিলেন।
প্রশাসনের এই তৎপরতা ও কঠোর অবস্থানের কারণে সাধারণ ভোটারদের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং তারা একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য যে, রাষ্ট্রপতির ছেড়ে দেয়া ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ আগামীকাল। উপনির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। এ আসনের ১৮৫টি ভোটকেন্দ্রের মধ্যে ১১৫টিকে অধিক ঝুকিপূর্ণ এবং বাকি ৭০টিকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জনপ্রিয়

















