মাদকমুক্ত ও সচেতন সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:৫০:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
- চট্টগ্রাম
যুবসমাজকে সামাজিক অবক্ষয় ও মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করে একটি সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়াচর্চার গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর খুলশীস্থ শহীদ শাহাজাহান মাঠে আয়োজিত “আরাফাত রহমান কোকো স্মৃতি টি-২০ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬”-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল তাঁর বক্তব্যে ক্রীড়াঙ্গন ও তরুণ প্রজন্ম নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, খেলাধুলা নিছক বিনোদন নয়, বরং এটি একটি সুশৃঙ্খল, সচেতন ও মানবিক সমাজ গঠনের শক্তিশালী মাধ্যম। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক, মানসিক হতাশা ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে মাঠমুখী করার বিকল্প নেই।
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, নিয়মিত ক্রিকেটসহ অন্যান্য খেলার আয়োজন তরুণদের ভেতরে আত্মবিশ্বাস, সুশাসন, শৃঙ্খলা এবং পরস্পরের প্রতি সহমর্মিতা সৃষ্টি করে।
শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতি রক্ষার্থে আয়োজিত এই টুর্নামেন্টের প্রশংসা করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, স্থানীয় স্তরের নতুন ও উদীয়মান ক্রিকেটারদের আলোয় আনতে এবং যুবসমাজকে খেলাধুলার দিকে টানতে এমন চমৎকার উদ্যোগ নিয়মিত চালু রাখা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, দীর্ঘদিনের সব প্রতিকূলতা কাটিয়ে বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে দেশ আজ নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। দেশের এই ইতিবাচক পরিবর্তনের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও ছড়িয়ে দিতে হবে। এ ধরনের প্রীতি টুর্নামেন্ট দেশের খেলাধুলাকে নতুনভাবে প্রাণ জোগাবে।
‘দেশরক্ষা তারেক মঞ্চ’-এর প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকারি প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক এবং বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলার অবসর সময়ে দুই প্রতিমন্ত্রী খেলোয়াড়দের আনন্দময় মুহূর্তগুলোতে শরিক হন। এ সময় তাঁরা কিছুক্ষণের জন্য ব্যাটিং ও বোলিংয়ে অংশ নিয়ে সবার সঙ্গে বেশ আনন্দ উপভোগ করেন।
উল্লেখ্য, টুর্নামেন্ট উদ্বোধন শেষে দুই প্রতিমন্ত্রী চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)”-এর উদ্বোধনী পর্বেও যোগ দেন।
জনপ্রিয়


















