আজ (১৯ নভেম্বর) পুরান ঢাকার ঐতিহ্যবাহী উচ্চশিক্ষাকেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জমিদাতা ও বালিয়াটির জমিদার কিশোরীলাল রায় চৌধুরীর ১৭৮তম জন্মবার্ষিকী। ১৮৪৮ সালের এই দিনে মানিকগঞ্জের বালিয়াটির প্রখ্যাত জমিদার পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন জমিদার জগন্নাথ রায় চৌধুরী। ঊনবিংশ শতাব্দীতে এ অঞ্চলে আধুনিক শিক্ষা বিস্তার, জনহিতকর কাজ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা ও বিকাশে তাঁর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে।
ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, ১৮৫৮ সালে দীননাথ সেন, প্রভাতীচরণ রায়, অনাথবন্ধু মল্লিক ও ব্রজসুন্দর মিত্রের উদ্যোগে প্রতিষ্ঠিত ‘ঢাকা ব্রাহ্ম স্কুল’-এর মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সূচনা হয়। প্রতিষ্ঠার পর স্কুলটি তীব্র আর্থিক ও ব্যবস্থাপনাগত সংকটে পড়লে এর দায়িত্বভার গ্রহণ করেন কিশোরীলাল রায় চৌধুরী। ১৮৬৮ সালের দিকে তিনি প্রতিষ্ঠানটিকে আরমানিটোলা থেকে বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থানে স্থানান্তর করেন এবং নিজের পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামানুসারে এর নাম রাখেন ‘জগন্নাথ স্কুল’।
পরবর্তীতে ১৮৮৪ সালে এটি একটি পূর্ণাঙ্গ কলেজে উন্নীত হয়ে ‘জগন্নাথ কলেজ’ নামে পরিচিতি লাভ করে এবং ১৯০৮ সালে প্রথম শ্রেণির কলেজের মর্যাদা অর্জন করে পূর্ব বাংলার অন্যতম শ্রেষ্ঠ উচ্চশিক্ষাকেন্দ্র হিসেবে খ্যাতি পায়। দীর্ঘ পথপরিক্রমা পেরিয়ে ২০০৫ সালের ২০ অক্টোবর প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ইতিহাসেও কিশোরীলাল রায় চৌধুরীর অবদানের কথা উল্লেখ রয়েছে। ঐতিহাসিক নথিপত্র ও তথ্য অনুযায়ী, পিতার স্মৃতি রক্ষার্থে তিনি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রাবাস প্রতিষ্ঠায় উদারহস্তে ভূমি ও অর্থ দান করেছিলেন। তৎকালীন বৃহত্তর ঢাকার শিক্ষাব্যবস্থায় সুদূরপ্রসারী পরিবর্তন আনা এই শিক্ষানুরাগী ও সমাজ সংস্কারক ১৯২৫ সালে মৃত্যুবরণ করেন।
সংশ্লিষ্টদের মতে, সেই যুগে জমি, অর্থ, ব্যবস্থাপনা ও সামাজিক সদিচ্ছার সমন্বয়ে ব্যক্তিগত উদ্যোগে তিনি যে শিক্ষার আলো জ্বেলেছিলেন তা প্রজন্মের পর প্রজন্ম ধরে আলোকিত করে চলেছে। প্রতিষ্ঠালগ্নের উদ্যোক্তা, শিক্ষক-শিক্ষার্থী ও রাষ্ট্রীয় প্রচেষ্টার সমন্বয়ে গড়ে ওঠা আজকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাজার হাজার শিক্ষার্থীর মেধা ও মনন বিকাশের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।


















