যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার আন্তর্জাতিক হ্যাকাথন ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬’-এ চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দল ‘Galactic Poet’। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) মিলনায়তনে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের চ্যাম্পিয়ন হিসেবে দলটির নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য সাইফুল ইসলাম এবং ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের পাবলিক এনগেজমেন্ট পরিচালক স্কট হার্টম্যান।
জবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পাঁচ শিক্ষার্থী মিলে গড়েছেন ‘Galactic Poet’। দলের টিম লিডার মুয়াম্মার তাজওয়ার আসফি, অন্য চার সদস্য হলেন মো. রমজান মিয়া, অতসী শর্মা, সুস্মিতা ঘোষ ও জিহাদ রহমান। আসফি এর আগে ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৪’-এ ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন হওয়া জবির ‘Quantum Voyager’ দলের সদস্য ছিলেন।
এবারের প্রতিযোগিতায় দলটির প্রজেক্টের নাম ‘Rover Villa’। মহাকাশে পাঠানো রোবট, রোভার, ল্যান্ডার ও প্রোব এবং সেগুলোর অভিযান নিয়ে জাদুঘরের মতো একটি স্মারক গড়ে তুলেছেন তাঁরা। বরেণ্য মানুষদের যেভাবে স্মরণ করা হয়, এখানে প্রতিটি যন্ত্রের গল্পও সেভাবেই সাজানো হয়েছে। ফলে স্কুলের শিশু থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিংবা কৌতূহলী যে কেউ সহজেই এসব মহাকাশযন্ত্র ও তাদের অভিযান সম্পর্কে জানতে পারবে।
জয়ের অনুভূতি জানিয়ে মুয়াম্মার তাজওয়ার আসফি বলেন, “এই জয় আমাদের পুরো দলের কাছে অনেক বড় পাওয়া। আমরা যেখানে কখনো যেতে পারিনি, এই যন্ত্রগুলো সেখানে পৌঁছে গেছে। আমরা চেয়েছি, স্কুলের শিশুরা যেমন মহান মানুষদের গল্প জানে, তেমনি এই যন্ত্রগুলোর গল্পও জানুক। ওদের অভিযান শেষ হয়েছে, কিন্তু গল্প শেষ হয়নি। সেই গল্প আমরা মানুষের কাছে পৌঁছে দিয়ে যাব।”
স্থানীয় পর্বে চ্যাম্পিয়ন হওয়ায় ‘Galactic Poet’ এবার গ্লোবাল রাউন্ডের নমিনি হিসেবে পরের ধাপে যাচ্ছে। সেখানে বিশ্বের নানা দেশের দলের সঙ্গে লড়বে তাদের প্রজেক্ট। আগামী ৩ ডিসেম্বর গ্লোবাল নমিনিদের নাম ঘোষণার কথা রয়েছে।
পৃথিবী ও মহাকাশের নানা সমস্যার উদ্ভাবনী সমাধান খুঁজতে এই আন্তর্জাতিক হ্যাকাথনের আয়োজন করে নাসা। এ বছর ১৪ ও ১৫ নভেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। স্পেস অ্যাপসের অফিশিয়াল ইভেন্ট তালিকা অনুযায়ী, এবার ১১০টির বেশি দেশ ও অঞ্চলের প্রায় ৬০০টি স্থানীয় ইভেন্টে দলগুলো অংশ নেয়, যার মধ্যে বাংলাদেশে ছিল ৯টি।


















