দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২২) নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে এসব কর্মসূচি পালন করা হবে।
রবিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস, ইনস্টিটিউট, হল ও ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা কেন্দ্রীয় খেলার মাঠে সমবেত হবেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে জাতীয় পতাকা ও হল পতাকা উত্তোলন করবেন সংশ্লিষ্ট হলের প্রভোস্টরা।
পরে ১০টায় কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এ সময় জাতীয় পতাকা উত্তোলন করবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করবেন উপ- উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন। পতাকা উত্তোলন শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচি উদ্বোধন করা হবে। এ সময় উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান। সভায় সভাপতিত্ব করবেন উপ-উপাচার্য ও উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন। আলোচনা সভা শেষে কেন্দ্রীয় খেলার মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হবে। র্যালিটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হবে।
র্যালি শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্থাপিত ভিত্তিপ্রস্তর চত্বরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ – উপাচার্য। পুষ্পস্তবক অর্পণ শেষে র্যালিটি প্রশাসন ভবনের সামনে এসে শেষ হবে। সেখানে বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটার আয়োজন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে উপ – উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি বিশ্ববিদ্যালয় পরিবারের প্রত্যেকটি সদস্যকে স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি এবং আগামীকাল এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে সকলকে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। বর্তমান প্রশাসন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল সেই লক্ষ্য ও উদ্দেশ্য পূরণের লক্ষ্যে কাজ করছে। আমরা আশাবাদী যে আমরা যদি এই কাজকে অব্যাহত রাখতে পারি তাহলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয় লক্ষ্য এবং উদ্দেশ্য পূর্ণ হবে।”


















