Advertisement

মাংস ছাড়াই শরীরে আয়রন বাড়ানোর ৫ উপায়

মাংস ছাড়াই শরীরে আয়রন বাড়ানোর ৫ উপায়
আয়রন শোষণের ক্ষেত্রে শুধু কী খাচ্ছেন, তা-ই নয়; বরং কীভাবে খাচ্ছেন এবং খাবার কীভাবে প্রস্তুত করছেন, সেটিও গুরুত্বপূর্ণ। খাবার গাঁজন করা, সেদ্ধ করা কিংবা লেবুর রস মিশিয়ে খাওয়ার মাধ্যমে শরীরে আয়রন শোষণের পরিমাণ বাড়ানো সম্ভব। ছোটবেলায় মনে করতাম, প্রচুর পালংশাক খেলে শরীর সুন্দর ও শক্তিশালী হবে। এখনো নিয়মিত স্মুদি, পাস্তা ও অমলেটে পালংশাক যোগ করি। শুধু সহজে রান্না করা যায়, বিভিন্ন খাবারের সঙ্গে ব্যবহার করা যায় কিংবা এতে প্রচুর আঁশ রয়েছে বলে নয়, পালংশাক আয়রনেরও ভালো উৎস—এমনটাই বিশ্বাস ছিল। তবে বিষয়টি পুরোপুরি ঠিক নয়। কাঁচা পালংশাক থেকে শরীর খুব বেশি আয়রন শোষণ করতে পারে না। বিশ্বের প্রায় প্রতি তিনজন মানুষের একজন আয়রনের ঘাটতিতে ভুগছেন। তাই প্রয়োজনীয় আয়রন পেতে শুধু কী খাচ্ছি, সেটিই নয়; কীভাবে খাবার খাচ্ছি এবং কীভাবে প্রস্তুত করছি, সেটিও বোঝা জরুরি।

সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতি

বিশ্বে সবচেয়ে বেশি দেখা যায় এমন পুষ্টির ঘাটতি হলো আয়রনের অভাব। বিশেষ করে শিশু ও প্রজননক্ষম নারীদের মধ্যে এ সমস্যা বেশি। ক্লান্তি, দুর্বলতা কিংবা শ্বাসকষ্ট আয়রনের ঘাটতির লক্ষণ হতে পারে। কারণ, শরীরের জন্য প্রয়োজনীয় এই খনিজ উপাদান হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। হিমোগ্লোবিন এমন একটি প্রোটিন, যা শরীরের প্রায় প্রতিটি অংশে অক্সিজেন পৌঁছে দেয়।

ইস্ট অ্যাংলিয়া বিশ্ববিদ্যালয়ের খনিজ বিপাকবিষয়ক অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট বলেন, ‘সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে রক্তস্বল্পতা দেখা দেওয়ার আগেই তা প্রতিরোধের চেষ্টা করা সবচেয়ে ভালো।’ তবে খাবার থেকে শরীর কত সহজে আয়রন শোষণ করতে পারে, সে ক্ষেত্রে সব আয়রনসমৃদ্ধ খাবার সমান নয়।

মাংস ছাড়া খাদ্যাভ্যাসে বাড়তি সতর্কতা প্রয়োজন

খাবারে আয়রন দুই ধরনের। হিম আয়রন পাওয়া যায় মাংস ও সামুদ্রিক খাবারে। অন্যদিকে নন-হিম আয়রনের উৎস উদ্ভিজ্জ খাবার। শরীর সাধারণত হিম আয়রন তুলনামূলক সহজে শোষণ করে। হিম আয়রনের প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ শরীরে শোষিত হয়। অন্যদিকে বিভিন্ন উদ্ভিজ্জ উৎসের নন-হিম আয়রন শোষণের হার আরও কম। শুকনো ডালজাতীয় খাবার থেকে প্রায় ২ শতাংশ এবং পাতাযুক্ত শাকসবজি থেকে প্রায় ৭ থেকে ৯ শতাংশ আয়রন শোষিত হয়। তবে খাবারের দাম বৃদ্ধি এবং স্বাস্থ্য ও পরিবেশের ওপর লাল মাংসের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ায় অনেকেই মাংস খাওয়া কমিয়ে দিচ্ছেন। বিকল্প আয়রনের উৎস দিয়ে এই ঘাটতি পূরণ না করলে তা আয়রনের অভাবের কারণ হতে পারে বলে জানিয়েছেন লন্ডনের কিংস কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা। সৌভাগ্যজনকভাবে, প্রতিদিনের আয়রনের চাহিদা পূরণে সহায়তা করতে পারে এমন অনেক উদ্ভিজ্জ খাবার রয়েছে। এসব খাবার থেকে আয়রন শোষণের হার তুলনামূলক কম হলেও কিছু পদ্ধতি অনুসরণ করে শরীরের আয়রন শোষণের সক্ষমতা বাড়ানো সম্ভব।

১. কিছু শাক সেদ্ধ করুন, অন্যগুলো ভাপে রান্না করুন

খাবার কীভাবে প্রস্তুত করা হচ্ছে, তার ওপর শরীর কতটা আয়রন পাবে, তা নির্ভর করে। পালংশাকে অক্সালেট নামের কিছু যৌগ থাকে। এসব যৌগ আয়রনের সঙ্গে যুক্ত হয়ে শরীরের আয়রন শোষণে বাধা সৃষ্টি করতে পারে। তবে পালংশাক সেদ্ধ করলে এসব যৌগ বের হয়ে যায় এবং শরীর তুলনামূলক বেশি আয়রন শোষণ করতে পারে। তবে এই নিয়ম শুধু অক্সালেটসমৃদ্ধ পাতাযুক্ত শাকের ক্ষেত্রে প্রযোজ্য। যেমন পালংশাক, সুইস চার্ড এবং বিটের পাতা। অন্যদিকে লেটুস, বাঁধাকপি ও বক চয়ের মতো শাকসবজির অক্সালেট দূর করার প্রয়োজন নেই। বরং এগুলো কাঁচা অথবা ভাপে রান্না করে খেলে ভিটামিন সি বেশি অক্ষুণ্ন থাকে। ফলে আয়রন শোষণেও সুবিধা হয়।

২. আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে ভিটামিন সি খান

গবেষণায় দেখা গেছে, খাদ্যতালিকায় ভিটামিন সি যোগ করলে শরীরে আয়রন শোষণের পরিমাণ বাড়ে। কিংস কলেজের পুষ্টিবিজ্ঞান বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক ইয়েমিসি লাতুন্দে-দাদা বলেন, ‘উদ্ভিজ্জ খাবার থেকে আয়রন শোষণ বাড়াতে ভিটামিন সি অত্যন্ত কার্যকর।’ আয়রনসমৃদ্ধ খাবারের সঙ্গে লেবুর রস মিশিয়ে খাওয়া যেতে পারে। আবার সকালের নাশতায় সাওয়ারডো পাউরুটির সঙ্গে এক গ্লাস (অল্প পরিমাণ) কমলার রস পান করাও উপকারী হতে পারে।

৩. খাদ্যতালিকায় রাখুন গাঁজন করা খাবার

খাবার গাঁজন বা ফারমেন্টেশন প্রক্রিয়াও শরীরকে বেশি আয়রন শোষণে সাহায্য করতে পারে। এর কারণ, গাঁজন প্রক্রিয়ায় ফাইটিক অ্যাসিড ভেঙে যায়। শস্য, বাদাম ও বীজে প্রাকৃতিকভাবে এই উপাদান থাকে। এটি খাবার থেকে শরীরের আয়রন গ্রহণে বাধা সৃষ্টি করে। এ কারণে সাধারণ পাউরুটির পরিবর্তে সাওয়ারডো পাউরুটি খাওয়ার কথা বিবেচনা করতে পারেন।

৪. শুধু আয়রনসমৃদ্ধ খাবারের ওপর নির্ভর করবেন না

পাউরুটি ও সকালের নাশতার সিরিয়ালসহ অনেক প্রচলিত খাবারে অতিরিক্ত আয়রন যোগ করা হয়। তবে প্রস্তুতকারকেরা সাধারণত এমন ধরনের আয়রন ব্যবহার করেন, যা শরীরে তুলনামূলক কম শোষিত হয়। এসব আয়রন খাবারের স্বাদ, রং কিংবা সংরক্ষণক্ষমতায় প্রভাব ফেলে না।

অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট বলেন, ‘অধিকাংশ আয়রনসমৃদ্ধ প্রক্রিয়াজাত খাবার থেকে আমরা খুব ভালোভাবে আয়রন শোষণ করতে পারি না।’

আয়রনসমৃদ্ধ খাবার থেকে শরীরে আয়রন শোষণের পরিমাণ নিয়ে করা একটি গবেষণায় দেখা গেছে, শিশুদের জন্য তৈরি আয়রনযুক্ত সিরিয়াল থেকে আয়রন শোষণের হার ছিল খুবই কম, মাত্র ০.৬ থেকে ২.২ শতাংশ।

অন্যদিকে একই গবেষণায় পরিশোধিত সাদা ময়দা দিয়ে তৈরি ব্রেড রোল থেকে আয়রন শোষণের হার বেশি পাওয়া গেছে। আরেকটি গবেষণায় দেখা গেছে, পরিশোধিত ময়দা দিয়ে তৈরি পাউরুটি থেকে আয়রন শোষণের হার ১৩.৬ শতাংশ পর্যন্ত হতে পারে।

৫. খাবারের সঙ্গে কী পান করছেন, সেদিকে খেয়াল রাখুন

খাবার খাওয়ার সময় কী পান করছেন, সেটিও শরীরে আয়রন শোষণের পরিমাণকে প্রভাবিত করতে পারে। ইয়েমিসি লাতুন্দে-দাদার মতে, অক্সালেটের মতো পলিফেনল, ট্যানিন, আঁশ ও ফাইটেটজাতীয় যৌগও আয়রন শোষণ কমিয়ে দিতে পারে। কফি ও চায়ে ট্যানিন এবং পলিফেনল থাকে। ফলে সকালের নাশতায় আয়রনসমৃদ্ধ সিরিয়ালের সঙ্গে চা বা কফি পান করলে শরীর থেকে ওই খাবারের আয়রন শোষণের পরিমাণ কমে যেতে পারে। অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইটের পরামর্শ, চা পান করতে চাইলে খাবার খাওয়ার অন্তত দুই ঘণ্টা পর পান করা ভালো।

প্রয়োজনীয় আয়রন গ্রহণ করুন, তবে অতিরিক্ত নয়

প্রতিদিনের আয়রনের প্রস্তাবিত চাহিদা নির্ধারণের সময় শরীর যে তুলনামূলক কম আয়রন শোষণ করে, সেটিও বিবেচনায় রাখা হয়। অধ্যাপক সুসান ফেয়ারওয়েদার-টেইট বলেন, প্রতিদিনের প্রয়োজনীয় পরিমাণ আয়রন গ্রহণ করলেও শরীর সাধারণত দিনে মাত্র এক থেকে দুই মিলিগ্রাম আয়রন শোষণ করে। ঘাম ও ঋতুস্রাবের মতো বিভিন্ন প্রক্রিয়ায় প্রতিদিন শরীর থেকে যে পরিমাণ আয়রন বেরিয়ে যায়, শোষিত এই পরিমাণ তার সমান।

তার পরামর্শ, সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে দিনের বিভিন্ন সময়ে অল্প অল্প করে আয়রনসমৃদ্ধ খাবার খাওয়া উচিত। কারণ, একবারে অতিরিক্ত আয়রন গ্রহণ করলে শরীর তুলনামূলক কম আয়রন শোষণ করতে পারে। শরীর নিজেই কতটুকু আয়রন শোষণ করবে, তা নিয়ন্ত্রণে বেশ দক্ষ। আর কেউ আয়রন সাপ্লিমেন্ট গ্রহণের কথা বিবেচনা করলে বিশেষজ্ঞরা আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলেছেন।

অধ্যাপক ফেয়ারওয়েদার-টেইট বলেন, ‘শরীর একটি ভারসাম্য বজায় রাখার চেষ্টা করে এবং অতিরিক্ত আয়রন গ্রহণ করতে চায় না।

সূত্র: বিবিসি

জনপ্রিয়
Advertisement
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ