মানুষের জীবনে কিছু শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। পৃথিবীর সব প্রাপ্তি, সব সম্মান, সব ক্ষমতা ও সাফল্য দিয়েও সেই শূন্যতার জায়গা পূরণ করা যায় না। বাবা-মায়ের স্নেহ, ছোট ভাইয়ের ভালোবাসা, পরিবারের আপনজনদের সঙ্গে কাটানো মুহূর্ত এসবই মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ। অথচ সময়ের নির্মম বাস্তবতায় কখনো কখনো একজন মানুষকে জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোকে হারিয়েও সামনে এগিয়ে যেতে হয়।
তারেক রহমানের জীবন যেন সেই কঠিন বাস্তবতারই এক বেদনাবিধুর অধ্যায়।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে এবং প্রয়াত ছোট ভাই আরাফাত রহমান কোকোর ভাই, এই পারিবারিক পরিচয়ের পাশাপাশি তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। ব্যক্তিগত জীবনের গভীর শোক ও বেদনার মধ্য দিয়ে তাকে বহন করতে হচ্ছে একটি রাষ্ট্রের বিশাল দায়িত্ব। বাবা নেই, মা নেই, ছোট ভাইও নেই। জীবনের গুরুত্বপূর্ণ তিনটি আপন আশ্রয় হারানোর বেদনা বুকে নিয়েই তাকে এগিয়ে যেতে হচ্ছে রাষ্ট্র পরিচালনার কঠিন পথে। এই বাস্তবতা শুধু রাজনৈতিক পরিচয়ের বিষয় নয়, এটি একজন মানুষের ব্যক্তিগত জীবনের গভীর অনুভূতি, নিঃসঙ্গতা ও দায়িত্ববোধের এক অনন্য সমীকরণ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম। মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা, রাষ্ট্র পরিচালনা এবং রাজনৈতিক দর্শন নিয়ে বাংলাদেশের ইতিহাসে নানা আলোচনা ও মূল্যায়ন রয়েছে। তাঁর উত্তরাধিকার বহন করছেন তারেক রহমান।
মা বেগম খালেদা জিয়াও বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় নেতৃত্ব দিয়েছেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তাঁর রাজনৈতিক জীবন, সংগ্রাম, জনপ্রিয়তা ও বিতর্ক সব মিলিয়ে তিনি দেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।
এই দুই ব্যক্তিত্বের সন্তান হিসেবে তারেক রহমানের জীবনের সঙ্গে রাজনীতি ও রাষ্ট্রচিন্তা শৈশব থেকেই জড়িয়ে আছে। কিন্তু পারিবারিক পরিচয় যত বড়ই হোক, প্রিয়জন হারানোর কষ্ট কখনো পরিচয়ের আড়ালে ঢাকা পড়ে না।
ছোট ভাই আরাফাত রহমান কোকোর মৃত্যুও তাঁর জীবনে এক গভীর শূন্যতা তৈরি করেছে। ভাইয়ের সঙ্গে শৈশব, স্মৃতি, আনন্দ-বেদনা এসব অনুভূতি একজন মানুষের ব্যক্তিগত জীবনের অমূল্য অংশ। সেই ভাইও আজ নেই।
একদিকে বাবা-মা-ভাইয়ের স্মৃতি, অন্যদিকে রাষ্ট্রের কোটি মানুষের প্রত্যাশা এই দুই বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে তারেক রহমানের সামনে আজ এক কঠিন দায়িত্বের অধ্যায়।
প্রধানমন্ত্রীর পদকে অনেকেই ক্ষমতা, মর্যাদা ও রাষ্ট্রীয় প্রভাবের প্রতীক হিসেবে দেখেন। কিন্তু প্রকৃত অর্থে এই পদ একটি বিশাল দায়িত্বের নাম। দেশের মানুষের নিরাপত্তা, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কৃষি, অবকাঠামো এবং গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব একজন সরকারপ্রধানের কাঁধে এসে পড়ে।
বাংলাদেশের মতো জনবহুল ও সম্ভাবনাময় দেশে এই দায়িত্ব আরও ব্যাপক। এখানে মানুষের প্রত্যাশা অনেক, সমস্যাও বহুমাত্রিক। কেউ কর্মসংস্থান চান, কেউ ন্যায্য মূল্য চান, কেউ নিরাপদ চিকিৎসা চান, কেউ সন্তানদের জন্য মানসম্মত শিক্ষা চান। আবার কেউ চান দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার ও নিরাপদ জীবন।
তারেক রহমানের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যক্তিগত শোককে শক্তিতে রূপান্তর করে মানুষের প্রত্যাশার প্রতি দায়িত্বশীল থাকা। একজন রাষ্ট্রনায়কের প্রকৃত মূল্যায়ন তাঁর পারিবারিক পরিচয় কিংবা রাজনৈতিক অবস্থান দিয়ে এককভাবে হয় না। মূল্যায়ন হয় তিনি কতটা মানুষের পাশে দাঁড়াতে পারেন, কতটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন এবং রাষ্ট্রকে কতটা কার্যকর ও মানবিক করতে পারেন, তার ভিত্তিতে।
প্রিয়জন হারানোর বেদনা মানুষকে কখনো ভেঙে দেয়, আবার কখনো মানুষের কষ্ট বোঝার গভীর ক্ষমতা তৈরি করে। জীবনের কঠিন অভিজ্ঞতা একজন মানুষকে উপলব্ধি করাতে পারে অসহায় মানুষের পাশে দাঁড়ানো কতটা জরুরি, পরিবারের নিরাপত্তা কতটা মূল্যবান এবং মানুষের মর্যাদা রক্ষা কতটা প্রয়োজন। তারেক রহমানের জন্যও এই অভিজ্ঞতা রাষ্ট্র পরিচালনায় মানবিক দৃষ্টিভঙ্গির একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হতে পারে। যে মানুষ নিজের জীবনে শোকের গভীরতা অনুভব করেছেন, তাঁর কাছে অসহায় মানুষের কান্না, স্বজন হারানোর বেদনা কিংবা বিপদগ্রস্ত পরিবারের আকুতি নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠতে পারে। তবে সেই অনুভূতির বাস্তব প্রতিফলন ঘটাতে হবে রাষ্ট্রীয় নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগের মাধ্যমে।
যে মানুষ নিজের জীবনে শোকের গভীরতা অনুভব করেছেন, তাঁর কাছে অসহায় মানুষের কান্না, স্বজন হারানোর বেদনা কিংবা বিপদগ্রস্ত পরিবারের আকুতি নতুন করে ভাবনার বিষয় হয়ে উঠতে পারে। তবে সেই অনুভূতির বাস্তব প্রতিফলন ঘটাতে হবে রাষ্ট্রীয় নীতি, প্রশাসনিক সিদ্ধান্ত এবং মানুষের কল্যাণে কার্যকর উদ্যোগের মাধ্যমে।
বাংলাদেশের মানুষ আজ এমন একটি রাষ্ট্র দেখতে চায়, যেখানে কোনো অসহায় পরিবার চিকিৎসার অভাবে প্রিয়জনকে হারাবে না, কোনো তরুণ বেকারত্বের হতাশায় পথ হারাবে না, কোনো কৃষক তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন না এবং কোনো নাগরিক রাজনৈতিক পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হবেন না। এই প্রত্যাশাগুলো পূরণ করাই হবে রাষ্ট্র পরিচালনার সবচেয়ে বড় মানবিক সাফল্য।
তারেক রহমানের ব্যক্তিগত জীবনে বাবা-মা ও ছোট ভাইয়ের অনুপস্থিতি নিঃসন্দেহে এক গভীর শূন্যতা। কিন্তু তাঁর জীবনে স্ত্রী, সন্তান ও পরিবারের অন্য সদস্যদের ভালোবাসা এবং সমর্থনও রয়েছে। সেই পারিবারিক বন্ধন তাঁকে মানসিক শক্তি জোগাতে পারে। তবু রাষ্ট্রীয় দায়িত্বের ভার যে কত বিশাল, তা সহজেই উপলব্ধি করা যায়। প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের জীবন, ভবিষ্যৎ ও প্রত্যাশা।
এখানে আবেগের পাশাপাশি প্রয়োজন বিচক্ষণতা, ধৈর্য, সততা, সহনশীলতা ও দূরদর্শিতা। প্রয়োজন এমন নেতৃত্ব, যা বিরোধী মতকে সম্মান করবে, জনগণের সমালোচনা শুনবে এবং ভুল হলে তা সংশোধনের সাহস দেখাবে।
বাংলাদেশ কোনো একক ব্যক্তি বা পরিবারের সম্পত্তি নয়। বাংলাদেশ এ দেশের সব মানুষের। তাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বও হতে হবে সকল নাগরিকের প্রতি সমান, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক।
তারেক রহমানের জন্য এটাই হতে পারে তাঁর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ব্যক্তিগত শোকের ভার বহন করেও রাষ্ট্রের প্রতিটি মানুষের প্রতি দায়িত্বশীল থাকা।
বাবা-মা-ভাইয়ের শূন্যতা বুকে নিয়ে তারেক রহমান আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাঁর জীবনের এই বাস্তবতা যেমন আবেগের, তেমনি দায়িত্বেরও। ব্যক্তিগত জীবনের বেদনা তাঁকে কতটা শক্তিশালী করবে, তা সময়ই বলে দেবে। তবে রাষ্ট্রের দায়িত্ব পালনে তাঁর সামনে যে বিশাল প্রত্যাশা রয়েছে, তা অস্বীকার করার সুযোগ নেই।
একজন রাষ্ট্রনায়কের সবচেয়ে বড় সাফল্য হবে তিনি যেন মানুষের আস্থা অর্জন করতে পারেন, মানুষের দুঃখ-কষ্ট বুঝতে পারেন এবং বাংলাদেশের ভবিষ্যৎকে আরও নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক করে তুলতে পারেন। পরিবারের শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হবে না। কিন্তু মানুষের ভালোবাসা, রাষ্ট্রের কল্যাণ এবং ইতিহাসে দায়িত্বশীল নেতৃত্বের স্বাক্ষর এসবই হতে পারে তাঁর জীবনের নতুন শক্তি।
পরিবারের শূন্যতা হয়তো কোনোদিন পূরণ হবে না। কিন্তু মানুষের ভালোবাসা, রাষ্ট্রের কল্যাণ এবং ইতিহাসে দায়িত্বশীল নেতৃত্বের স্বাক্ষর এসবই হতে পারে তাঁর জীবনের নতুন শক্তি।
আমি শুধু মনে করি না বিশ্বাসও করি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাবা-মা এবং একমাত্র ছোটভাইয়ের বাংলাদেশ ও বাংলাদেশের জনগণকে নিয়ে স্বপ্নগুলো দেখতেন সেই স্বপ্নগুলো তার পরিবারের আদর্শ বুকে ধারণ করে ধৈর্য ও সততার সাথে রাষ্ট্র পরিচালনা করে তাঁদের স্বপ্নগুলো বাস্তবে পরিণত করবেন।
☞লেখক
রোটারিয়ান এম নাজমুল হাসান
কলামিস্ট, রাজনীতিবিদ ও রাষ্ট্রচিন্তক



















