এমএলএস কাপ প্লে-অফের শুরুতেই বড় ধাক্কা খেল ইন্টার মায়ামি। ঘরের মাঠে ১০ জনের মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে কলম্বাস ক্রু। শনিবার (২১ নভেম্বর) ফ্লোরিডার নু স্টেডিয়ামে শুরু থেকেই ৫৭ শতাংশ বল দখলে রেখে আক্রমণাত্মক ছিল কলম্বাস। ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি আদায় করে নেয় তারা। গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ফাউলে স্পট-কিক পায় সফরকারীরা। পরের মিনিটেই পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন গনসালো তাপিয়া।
পিছিয়ে পড়ে সমতায় ফেরার চেষ্টা করে মায়ামি। কয়েকটি আক্রমণও গড়ে তোলে লিওনেল মেসির দল। তবে কলম্বাস গোলরক্ষক প্যাট্রিক শুল্টের দৃঢ়তায় গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
মায়ামির বিপদ বাড়ে ৩৬ মিনিটে। কলম্বাসের এক খেলোয়াড়কে দেরিতে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার গনসালো লুহান। ফলে বাকি ম্যাচ ১০ জন নিয়ে খেলতে হয় মায়ামিকে। প্রথমার্ধের যোগ করা সময়ে হলুদ কার্ড দেখেন মেসিও।
একজন কম নিয়ে দ্বিতীয়ার্ধে আরও চাপে পড়ে মায়ামি। সেই সুযোগ কাজে লাগায় কলম্বাস। ৫২ মিনিটে দ্রুত পাল্টাআক্রমণ থেকে গোল করেন তাহা হাব্রুনে। ছয় মিনিট পর আবারও মায়ামির জালে বল পাঠান তাপিয়া। এতে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলের জয়ও নিশ্চিত করেন তিনি।
কলম্বাসের গোলমুখে নেওয়া সাতটি শটের পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে মায়ামি ছয়টি শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পারে।
বেস্ট-অব-থ্রি সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর সকাল ৭টায়। কলম্বাসের ঘরের মাঠ স্কটসমিরাকল-গ্রো ফিল্ডে হবে ম্যাচটি।



















