Advertisement

জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার

জোরারগঞ্জে বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই যাত্রী গ্রেপ্তার
চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সালাহউদ্দিন আকবর (৪৪) ও ইবনে জাহিদ (৩৪)। পুলিশ জানায়, গত ২১ নভেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে থানাধীন ১নং করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় এ অভিযান চালানো হয়। থানা সূত্রে জানা যায়, ওই দিন জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল নয়টিলা মাজার এলাকায় দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদে তারা জানতে পারে, দুই ব্যক্তি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিয়ে শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় দ্রুত তল্লাশিচৌকি বসায়। সন্দেহভাজন বাসটি সেখানে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে সালাহউদ্দিন আকবর ও ইবনে জাহিদের হেফাজত থেকে ৭.৬২ মিলিমিটারের একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক অস্ত্র ও গোলাবারুদ জব্দ করে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জনপ্রিয়