Advertisement

আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

আগাম সংকেত ছাড়াই ধ্বংস হতে পারে মহাবিশ্ব

রাতের আকাশের বিশাল অন্ধকারের কথা ভাবুন তো। ধরুন, হঠাৎ সেখানে তৈরি হলো এমন এক বুদবুদ, যার ভেতরে কিছুই নেই। একদম শূন্য, খালি এক জায়গা। বিজ্ঞান সাময়িকীনিউ সায়েন্টিস্ট-এর কলামিস্ট লিয়া ক্রেন সম্প্রতি এমনই এক চমকপ্রদ ও রোমাঞ্চকর তত্ত্বের কথা বলেছেন যা শুনে আমাদের মহাবিশ্বের স্থায়িত্ব নিয়ে মনে প্রশ্ন জাগতেই পারে।

পদার্থবিদ্যার নিয়মে মহাকাশের যে ফাঁকা জায়গা আমরা দেখি, সেটিই হয়তো শক্তির সবচেয়ে শান্ত বা স্থিতিশীল অবস্থা নয়। বিষয়টা বুঝতে একটি গভীর বাটির ভেতর রাখা ডিমের কথা ভাবতে পারেন। ডিমটা বাটির তলায় স্থির হয়ে বসে থাকলেও কোনোভাবে যদি বাটির কিনারা পেরিয়ে আরও নিচে একেবারে মেঝেতে গড়িয়ে পড়তে পারে, তবে তার অবস্থান বদলে যাবে। মহাবিশ্বের শূন্যতাও যদি হঠাৎ কোনো কোয়ান্টাম পরিবর্তনের কারণে আরও কম শক্তির আরেকটি অবস্থায় নেমে আসে, তবে সেখানে জন্ম নিতে পারে নতুন এক ধরনের শূন্যতার বুদবুদ। সেই বুদবুদের ভেতরে পদার্থ আর স্থানের চরিত্রই বদলে যেতে পারে একেবারে অন্যভাবে।

তবে সব বুদবুদই যে সবকিছু ধ্বংস করবে, এমন কোনো কথা নেই। বুদবুদটা যদি খুব ছোট হয় কিংবা তার পৃষ্ঠটান খুব বেশি থাকে, তবে যেভাবে হঠাৎ তৈরি হয়েছিল, সেভাবেই চুপিসাড়ে ছোট হতে হতে মিলিয়েও যেতে পারে। কিন্তু তেমনটা না হলে দৃশ্যপট বদলে যায় এক নিমেষেই। তখন সেই বুদবুদ আলোর গতিতে চারদিকে ছড়িয়ে পড়তে শুরু করে এবং পথে যা কিছু পড়ে সবকিছুকেই গিলে নেয়।

সবচেয়ে গা ছমছমে ব্যাপারটি হলো, এই বুদবুদ আলোর গতিতে ছুটলে আমাদের টের পাওয়ার বা চমকে ওঠার বিন্দুমাত্র সময়ও থাকবে না। চোখের পলকে বদলে যেতে পারে সবকিছু, এমনকি বদলে যেতে পারে পদার্থবিজ্ঞানের চেনা নিয়মকানুনও। এমন কিছু সত্যিই ঘটলে মহাবিশ্বের জন্য তা যে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে, তা তো বোঝাই যায়।

তবু এই অদ্ভুত সম্ভাবনা নিয়ে এখনই ভয় পাওয়ার কিছু নেই। প্রথমত, বাস্তবে এমন কিছু আদৌ ঘটতে পারে কি না, তা এখনো নিশ্চিত নয়। দ্বিতীয়ত, কখনো এমনটি ঘটলেও মানুষের পক্ষে তা ঠেকানোর কোনো উপায় নেই। তবে বিজ্ঞানীরা বসে নেই। হিগস বোসনের ভর থেকে শুরু করে প্রকৃতির নানা সূক্ষ্ম মান মেপে তাঁরা খতিয়ে দেখছেন, আমাদের মহাবিশ্বের কণা আর বলগুলো কতটা মজবুত ও স্থিতিশীল। সবকিছু যদি যথেষ্ট স্থিতিশীল থাকে, তবে মহাবিশ্বের এই শান্ত পথচলা আরও অনেকদিন নির্বিঘ্নেই চলতে থাকবে।

জনপ্রিয়