লাল রঙের এই সবজির স্বাদ কিছুটা অদ্ভুত। কেউ কেউ এটি খেতে পছন্দ করেন, কেউ আবার দেখলে মুখ ফিরিয়ে নেন। কিন্তু এটি মূলত স্বাদের জন্য নয়, বরং খাওয়া প্রয়োজন আপনার স্বাস্থ্যের উন্নতির জন্য। বিটরুট নিয়মিত খেলে তা অনেক ধরনের স্বাস্থ্য সমস্যা থেকে আপনাকে দূরে রাখতে সাহায্য করতে পারে। কেন আপনার প্রতিদিন বিটরুট খাওয়া উচিত? চলুন জেনে নেওয়া যাক-
রক্তচাপ কমায়
বিটরুটে থাকা প্রাকৃতিক নাইট্রেট শরীরে নাইট্রিক অক্সাইডে রূপান্তরিত হয়, যা রক্তনালীগুলোকে শিথিল ও প্রসারিত করে রক্তপ্রবাহ উন্নত করে। যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা নিয়মিত এই সবজি খাওয়ার অভ্যাস করলে উপকার পাবেন।
হৃদরোগ ও স্ট্রোক প্রতিরোধে সহায়ক
ফোলেট (ভিটামিন বি৯) রক্তনালীকে সুরক্ষিত রাখে। এছাড়া বিটালাইনের মতো অ্যান্টিঅক্সিডেন্টগুলো অক্সিডেটিভ স্ট্রেস এবং প্রদাহ কমায়, যা হৃদরোগের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত। নিয়মিত বিটরুট খেলে এই সমস্যা থেকে দূরে থাকা সম্ভব হয়।
শারীরিক সক্ষমতা বৃদ্ধি
ক্লান্তি, দুর্বলতা দূর করতে নিয়মিত বিটরুট খেতে পারেন। এতে থাকা নাইট্রিক অক্সাইড পেশিতে অক্সিজেন সরবরাহ ও রক্তপ্রবাহ বাড়ায়, যা সহনশীলতা ও শারীরিক সক্ষমতা উন্নত করতে সাহায্য করে। বিটরুট দিয়ে সালাদ, জুস ইত্যাদি তৈরি করে খেতে পারেন।
হজম ও অন্ত্রের স্বাস্থ্যের উন্নতি
বিটমূলে থাকা ডায়েটারি ফাইবার অন্ত্রের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার পুষ্টি জোগায়। যারা হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হতে পারে এই বিটরুট।
প্রদাহ হ্রাস
প্রদাহের সমস্যায় ভুগে থাকেন অনেকেই। নিয়মিত বিটরুট খেলে প্রদাহ অনেকটাই দূর হয়। বিটরুটে থাকা বিটালাইন রঞ্জক পদার্থ শরীরে প্রদাহজনিত লক্ষণগুলো কমাতে সাহায্য করে। বিটরুট খেলে প্রস্রাবের রং কিছুটা লাল হতে পারে, তবে এটি মোটেই ভীতিকর কিছু নয়।


















