Advertisement

নিউজিল্যান্ডের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট

নিউজিল্যান্ডের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট

নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন রক্ষণশীল জোট কিংবা বিরোধী শিবির কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। শুক্রবার (২৭ নভেম্বর) প্রকাশিত চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সনের রক্ষণশীল ন্যাশনাল পার্টির নেতৃত্বাধীন ক্ষমতাসীন মধ্য-ডানপন্থি জোট পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার চেয়ে মাত্র একটি আসন কম পেয়েছে।

মধ্য-ডানপন্থি ন্যাশনাল পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বর্তমান তিন-দলীয় জোট সরকারের নেতৃত্ব দিচ্ছেন। অন্য দুটি ছোট ডানপন্থী দলকে সাথে নিয়ে তিনি সরকার পরিচালনা করছিলেন। চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, ক্ষমতাসীন জোট সরকার ৬৫টি আসন পেয়েছে, যা নির্বাচনের রাতের প্রাথমিক ফলাফলের চেয়ে দুটি কম।

অন্যদিকে, লেবার পার্টির নেতা ক্রিস হিপকিন্সের নেতৃত্বাধীন বামপন্থি বিরোধী জোট ৫৮টি আসন পেয়েছে, যা নির্বাচনের রাতের তুলনায় একটি বেশি।

প্রধান দলগুলোর প্রাপ্ত আসনের হিসাব অনুযায়ী, লুক্সনের মধ্য-ডানপন্থি ন্যাশনাল পার্টি ৪০টি আসন এবং হিপকিন্সের মধ্য-বামপন্থী লেবার পার্টি ৩৬টি আসন জিতেছে। নির্বাচন কর্তৃপক্ষ প্রায় ৪ লাখ বিশেষ ভোট গণনা করার পর এই আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করে। বিদেশে বসবাসরত নিউজিল্যান্ডের নাগরিকদের দেওয়া ভোটও এর অন্তর্ভুক্ত।

গত ৭ নভেম্বরের নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গিয়েছিল যে ক্ষমতাসীন জোটের মাত্র দুটি আসনের সামান্য সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তবে চূড়ান্ত সমন্বয়ের পর জোটটি সংখ্যাগরিষ্ঠতার চেয়ে মাত্র একটি আসন পিছিয়ে পড়েছে।

এই পরিসংখ্যান পার্লামেন্টে প্রথমবারের মতো প্রবেশ করা নতুন দল অপারচুনিটি পার্টিকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে এসেছে, কারণ পরবর্তী সরকারের রূপরেখা কেমন হবে তা এই দলটিই নির্ধারণ করবে।

মধ্যপন্থী এই দলটির নেতা ৩৮ বছর বয়সি সাবেক ব্যবসায়িক পরামর্শদাতা এবং রাজনীতিতে নবাগত কিউলাই ওং চলতি মাসের শুরুতে জানিয়েছিলেন যে, সরকার গঠনের বিষয়ে তিনি যেকোনো দলের সঙ্গেই আলোচনা করতে ইচ্ছুক।

পরবর্তী সরকার গঠন করতে চাইলে লুক্সনকে অপারচুনিটি পার্টির সঙ্গে সমঝোতা করতে হবে। তিনি বলেছেন, এই আলোচনা বেশ চ্যালেঞ্জিং বা কঠিন হবে এবং এতে সময় লাগবে।

সাংবাদিকদের তিনি বলেন, আমি নিউজিল্যান্ডবাসীর কাছে বিষয়টি স্পষ্ট করতে চাই। এই আলোচনাগুলো কঠিন হতে পারে এবং এতে কিছুটা সময় লাগতে পারে।

তিনি আরও যোগ করেন, তবে দ্রুত কাজ সারার চেয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডবাসীর এমন একটি সরকার প্রয়োজন যা স্থিতিশীল, সবাই মিলেমিশে কাজ করবে এবং পুরো মেয়াদ টিকে থাকবে।

অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞরা বলছেন যে লুক্সন যদি অপারচুনিটি পার্টির সঙ্গে মিলে সরকার গঠন করতে ব্যর্থ হন, তবে নিউজিল্যান্ডবাসীকে নতুন নির্বাচনের জন্য আবারও ভোটকেন্দ্রে ফিরতে হবে। সূত্র: আল জাজিরা

জনপ্রিয়
Advertisement
নিউজিল্যান্ডের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট

নিউজিল্যান্ডের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্ট