পথশিশুদের নিবন্ধন তাদের নাগরিক অধিকার: লোকজ সাহিত্য আসরে সমরেন্দ্র বিশ্বশর্মা
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
পথশিশুদেরও রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বীকৃতি ও অধিকার রয়েছে। তাদের জন্মনিবন্ধন নিশ্চিত করা শুধু প্রশাসনিক দায়িত্ব নয়, বরং এটি তাদের মৌলিক নাগরিক অধিকার। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে নেত্রকোণার কেন্দুয়ায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে এসব কথা বলেন, কেন্দুয়া উপজেলা মিডিয়া ক্লাবের সভাপতি চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সদস্য কবি ও সাংবাদিক রুকন উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও গীতিকবি আব্দুল হাই সেলিম।
আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকি, প্রেসক্লাব সদস্য সাংবাদিক মাজহারুল ইসলাম ভূইয়া উজ্জ্বল, কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন সালাম।
এ সময় আরও বক্তব্য দেন শিক্ষক সাহাবুল কাদির ভূইয়া, প্রেসক্লাব সদস্য সাংবাদিক কোহিনূর আলম ও দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই তাদের জন্য সুস্থ, নিরাপদ ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, শিশুদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাহিত্য, সংস্কৃতি, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। বিশেষ করে পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, জন্মনিবন্ধনসহ মৌলিক অধিকার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। কোনো শিশু যেন পরিচয় ও অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে রাষ্ট্র ও সমাজকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিজয় রজক, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সামি উল্লাহ সরকার সাম্য, আহসান রাফি, মাইমুর রহমান মাহিন, কাজী তন্ময়সহ স্থানীয় সাহিত্যপ্রেমী ও সুধীজন উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















