শিশুদের হাতে মোবাইল ফোনের পরিবর্তে শিক্ষা ও খেলাধুলার উপকরণ তুলে দিতে হবে। তাদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে সাহিত্য, সংস্কৃতি ও খেলাধুলার চর্চা বাড়াতে হবে। বিশ্ব শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্যেয় এমন আহ্বান জানিয়েছেন কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গীতিকবি মো. আব্দুল হাই সেলিম।শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া লোকজ সাহিত্য আসরের আয়োজনে কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে বিশ্ব শিশু দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কেন্দুয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য কবি ও সাংবাদিক মো. রুকন উদ্দিনের পরিচালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চারণ সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, আলোচক হিসেবে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. আশরাফ উদ্দিন ভূইয়া, কেন্দুয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুস সাকি, সাংবাদিক মাজহারুল ইসলাম ভূইয়া উজ্জ্বল এবং কবি ও সাংবাদিক মোহাম্মদ সালাউদ্দিন সালাম।
এ ছাড়া বক্তব্য রাখেন সায়মা শাহজাহান একাডেমীর সিনিয়র সহকারী শিক্ষক সাহাবুল কাদির ভূইয়া, প্রেসক্লাব সদস্য সাংবাদিক কোহিনূর আলম এবং দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি মহিউদ্দিন সরকার প্রমুখ।
বক্তারা বলেন, শিশুদের জন্য একটি সুস্থ, সুন্দর ও আনন্দময় পরিবেশ নিশ্চিত করা জরুরি। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষাই নয়, তাদের নৈতিক শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশেও পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।তারা আরও বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে দূরে রেখে বই পড়া, সাহিত্য-সংস্কৃতিচর্চা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। শিশুদের আনন্দময় শৈশব নিশ্চিত করার পাশাপাশি তাদের যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।অনুষ্ঠানে কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সদস্য বিজয় রজক, উত্তরা ইউনিভার্সিটির শিক্ষার্থী সামি উল্লাহ সরকার সাম্য, আহসান রাফি, মাইমুর রহমান মাহিন, কাজী তন্ময়সহ স্থানীয় সাহিত্যপ্রেমীরা উপস্থিত ছিলেন।



















