Advertisement

আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে

আক্রোশ মানুষকে জালিমে পরিণত করে
আক্রোশ মানুষের এমন এক প্রবল নেতিবাচক আবেগ, যা তাকে ক্ষোভ পুষে রাখতে, প্রতিশোধের সুযোগ খুঁজতে এবং প্রতিপক্ষের ক্ষতি করতে প্ররোচিত করে। রক্ত-মাংসে গড়া মানুষ হিসেবে কোনো অন্যায় আচরণে কষ্ট পাওয়া বা রাগ আসা অস্বাভাবিক নয়, কিন্তু রাগের বশে সীমা লঙ্ঘন, অন্যায় প্রতিশোধ কিংবা দীর্ঘদিন বিদ্বেষ পুষে রাখা অনুচিত। কারণ আক্রোশ মানুষের ন্যায়-অন্যায়ের পার্থক্য ভুলিয়ে দিতে পারে। মুমিন কখনো ব্যক্তিগত বিষয়ে আক্রোশ পুষে রাখতে পারে না। পবিত্র কোরআনে মুমিনের গুণ বর্ণনা করে আল্লাহ বলেন, ‘যারা সুসময়ে ও দুঃসময়ে ব্যয় করে এবং ক্রোধ সংবরণ করে ও মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন। ’ (সুরা আলে ইমরান, আয়াত : ১৩৪) 

পবিত্র কোরআনের এ রকম একাধিক আয়াত আছে, যেগুলোর ভাষ্য হলো রাগের উদ্রেক হওয়া স্বাভাবিক, তবে মুমিনের বৈশিষ্ট্য হলো আবেগকে নিয়ন্ত্রণ করে ক্ষমা ও সংযমের পথ বেছে নেওয়া। কারণ আক্রোশের ভয়াবহতা হলো তা মানুষকে ন্যায়বিচার থেকেও বিচ্যুত করতে পারে। আল্লাহ বলেন, ‘কোনো গোত্রের প্রতি শত্রুতা যেন তোমাদের কোনোভাবে প্ররোচিত না করে যে তোমরা ইনসাফ করবে না। তোমরা ইনসাফ করো, তা তাকওয়ার নিকটতর এবং আল্লাহকে ভয় করো।

’(সুরা আল-মায়িদা, আয়াত : ৮) 

অর্থাৎ শত্রুতা, অপছন্দ কিংবা অতীতের আঘাত—কোনোটিই জুলুমের বৈধতা দেয় না। আবার কারো ওপর অহেতুক প্রতিশোধ নিতে গিয়ে নিরপরাধকে আঘাত করা, অপবাদ দেওয়া, অধিকার নষ্ট করা কিংবা ক্ষমতার অপব্যবহার করা আক্রোশেরই ফল। যার পরিণতি অত্যন্ত ভয়াবহ।

হ্যাঁ, কোথাও আল্লাহর বিধান লঙ্ঘিত হলে অন্যায়ের প্রতিবাদ করা, মজলুমের পাশে দাঁড়ানো এবং জালিমকে নিবৃত্ত করার চেষ্টা প্রশংসনীয়; কিন্তু সে প্রতিবাদও হতে হবে জ্ঞান, প্রমাণ, ইনসাফ ও শরিয়তের সীমার মধ্যে। নিজের প্রতিহিংসাকে ‘ন্যায়ের দাবি’ বলে চালানো আত্মপ্রবঞ্চনা।

ব্যক্তির সঙ্গে কোনো মন্দ আচরণ ঘটলে, তার উচিত উত্তম আচরণের মাধ্যমে তার উত্তর দেওয়া, এতে যার সঙ্গে শত্রুতা আছে, সেও অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে যেতে পারে। (সুরা ফুসসিলাত, আয়াত : ৩৪) 

এ শিক্ষা প্রতিশোধের আগুনে ঘি ঢালে না; বরং সংশোধন ও সম্পর্ক রক্ষার পথ খুলে দেয়। আক্রোশের বশে কারো ক্ষতি করা, তার ইজ্জত, সম্পত্তি নষ্ট করা বীরত্ব নয়। বীরত্ব হলো নিঃশর্ত ক্ষমা করে দেওয়া। রাসুলুল্লাহ (সা.) রাগ নিয়ন্ত্রণের গুরুত্ব বোঝাতে বলেছেন, প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তিতে হারিয়ে দেয়; বরং সেই আসল বীর, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে। (বুখারি, হাদিস : ৬১১৪)

একবার এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে গিয়ে তাঁকে উপদেশ দিতে বললে তিনি বারবার বলেন, তুমি রাগ কোরো না। (বুখারি, হাদিস : ৬১১৬)

এর অর্থ রাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত, কথা কিংবা আচরণ করা থেকে নিজেকে বিরত রাখা মুমিনের জন্য আবশ্যকীয় কাজ। পাশাপাশি নিজের ভুলের সম্ভাবনা বিবেচনা করা, অপরের অবস্থান বোঝার চেষ্টা করা, ক্ষমার সওয়াব স্মরণ করা এবং আল্লাহর কাছে আত্মসংযমের তাওফিক চাওয়া জরুরি। তবে এ কথাও মনে রাখতে হবে, ‘ক্ষমা মানে জুলুমকে বৈধতা দেওয়া বা অপরাধীকে অবাধ সুযোগ দেওয়া নয়। কোরআন অন্যায়ের সমপরিমাণ প্রতিকারের অনুমতি দিয়েছে; তবে ক্ষমা ও সংশোধনের পথ উত্তম বলে জানিয়েছে।’ (সুরা আশ-শুরা, আয়াত : ৪০)

সুতরাং ন্যায়সংগতভাবে অধিকার আদায় করা যাবে, কিন্তু ব্যক্তিগত আক্রোশে সীমা ছাড়ানো যাবে না। ক্ষমতার অপব্যবহার করা যাবে না। যিনি ক্ষমতার মূল মালিক, তিনি সব দেখছেন। প্রতিটি পদক্ষেপেরই হিসাব দিতে হবে।

আক্রোশ শুধু আখিরাতের ক্ষতি বয়ে আনে না; বরং তা অন্তরকে অশান্ত করে, সম্পর্ক ও সামাজিক আস্থা নষ্ট করে এবং গুনাহের দিকে ঠেলে দেয়। বিদ্বেষ পুষে রাখলে প্রতিপক্ষের চেয়ে নিজের মনই বেশি ভারাক্রান্ত হয়। তাই মুমিনের কর্তব্য, অন্যায়ের প্রতিবাদে দৃঢ় থাকা, কিন্তু প্রতিশোধস্পৃহাকে চরিত্রের চালিকাশক্তি হতে না দেওয়া; রাগকে ন্যায়ের অধীন রাখা এবং ক্ষমাকে মহত্ত্বের পরিচয় বানানো। এমন সংযম দুর্বলতা নয়; বরং আত্মার শক্তি ও তাকওয়ার বাস্তব প্রকাশ। –কালেরকণ্ঠ

জনপ্রিয়
Advertisement
মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ

মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য জব্দ