যশোরে কনস্টেবল নিয়োগের দ্বিতীয় দিনে চার ইভেন্টে সক্ষমতা যাচাই
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১০:০৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
- যশোর
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার দ্বিতীয় দিনে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাইয়ে চারটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে যশোর পুলিশ লাইন্স মাঠে এসব পরীক্ষা নেওয়া হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুটমেন্ট বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়।
চারটি ইভেন্টের মধ্যে ছিল ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প। ২০০ মিটার দৌড়ে পুরুষ প্রার্থীদের ২৮ সেকেন্ড এবং নারী প্রার্থীদের ৩৪ সেকেন্ডের মধ্যে নির্ধারিত দূরত্ব অতিক্রম করতে হয়। পুশ-আপে পুরুষদের ৩৫ সেকেন্ডে ১৫টি এবং নারীদের ৩০ সেকেন্ডে ১০টি সম্পন্ন করতে হয়।
এ ছাড়া লং জাম্পে পুরুষদের কমপক্ষে ১০ ফুট ও নারীদের ৬ ফুট এবং হাই জাম্পে পুরুষদের ৩ দশমিক ৫ ফুট ও নারীদের ২ দশমিক ৫ ফুট উচ্চতা অতিক্রম করতে হয়। প্রতিটি ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। লং জাম্প ও হাই জাম্পে উত্তীর্ণ হতে প্রত্যেক প্রার্থীকে তিনবার করে সুযোগ দেওয়া হয়।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জনপ্রিয়


















