মহাকাশে পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইট পাঠানোর পরিকল্পনা করছে রাশিয়া। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ ধরনের একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে মস্কো। জার্মানির সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থাও বলছে, পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্যাটেলাইট তৈরির কাজ করছে রাশিয়া। এমন অস্ত্র ব্যবহার করা হলে পৃথিবীর নিম্ন কক্ষপথে থাকা হাজারো স্যাটেলাইট এবং সেগুলোর ওপর নির্ভরশীল যোগাযোগ ও নেভিগেশন ব্যবস্থা ভয়াবহ ঝুঁকির মুখে পড়তে পারে। তবে রাশিয়া তাদের ‘মহাকাশ কার্যক্রম’ নিয়ে ওঠা ‘সব ভিত্তিহীন অভিযোগ’ প্রত্যাখ্যান করার পাশাপাশি এসব অভিযোগকে অপপ্রচার বলে অভিহিত করেছে।
সংবাদমাধ্যমদ্য ইন্ডিপেন্ডেন্ট বলছে, জার্মানির সংবাদমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর ও জুডডয়েচে সাইটুংয়ের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান সামরিক বাহিনী ও দেশটির ফেডারেল গোয়েন্দা সংস্থা ন্যাটোর অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার বিষয়ে সতর্ক করেছে। তাদের আশঙ্কা, আগামী ডিসেম্বরের মধ্যেই পারমাণবিক অস্ত্রবাহী একটি স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে পারে রাশিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়, পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে আদান-প্রদান হওয়া তথ্যে দেখা গেছে, ‘স্পুটনিক-এস’ নামের ওই স্যাটেলাইটটি কয়েক বছর আগেই তৈরি করা হয়েছে। বর্তমানে এটি মস্কো অঞ্চলে রাখা হয়েছে।
এদিকে পৃথিবীর নিম্ন কক্ষপথে এ ধরনের কোনো অস্ত্র বিস্ফোরিত হলে সামরিক ও বেসামরিক—উভয় ধরনের অবকাঠামোর ওপর ভয়াবহ প্রভাব পড়তে পারে। চলতি বছরের শুরুর দিকে একই ধরনের গোয়েন্দা তথ্যের প্রসঙ্গ টেনে এ সতর্কবার্তা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের স্পেস কমান্ডের প্রধান।
জার্মানির সাইবার অ্যান্ড ইনফরমেশন স্পেস কমান্ডের (সিআইআর) মেজর জেনারেল আর্মিন ফ্লেইশম্যান বলেন, পারমাণবিক অস্ত্রবাহী স্যাটেলাইটের হুমকি মোকাবিলায় ‘কাউন্টারস্পেস সক্ষমতা’ গড়ে তোলার মাধ্যমে এর জবাব দেয়ার আশা করতে পারে বার্লিন। এই সক্ষমতার মাধ্যমে মহাকাশে থাকা এমন হুমকি নিষ্ক্রিয় করা সম্ভব হবে।


















