সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টে অভিনব কৌশলে স্বর্ণ পাচারের চেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ভারতে যাওয়ার প্রাক্কালে এক ভারতীয় নাগরিকের পেটের ভেতর থেকে ৮১৩ গ্রাম ওজনের স্বর্ণের পেস্ট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৫৫ লাখ টাকা।
সোমবার (২ নভেম্বর) সকালে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবি। এ ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়েছে।
আটক ব্যক্তির নাম জহির শাহ গোলাম হোসেন (৪৩)। তিনি ভারতের মুম্বাইয়ের ছিতা ক্যাম্প এলাকার গোলাম হোসেন শের খানের ছেলে।
জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর একটি বিশেষ গোয়েন্দা দল আগে থেকেই স্বর্ণ পাচারের বিষয়ে গোপন তথ্য পায়। এর ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টের মাধ্যমে ভারতে যাওয়ার সময় সন্দেহভাজন যাত্রী জহির শাহকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার আচরণ ও গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে তল্লাশি ও শারীরিক পরীক্ষা করেন। পরে বিশেষ পদ্ধতিতে তার মলদ্বার দিয়ে বহন করা দুটি প্যাকেটে স্বর্ণের পেস্ট থাকার বিষয়টি নিশ্চিত হন। চিকিৎসাসংশ্লিষ্ট প্রক্রিয়া ও তল্লাশির মাধ্যমে প্যাকেট দুটি উদ্ধার করা হয়। এতে প্রায় ৮১৩ গ্রাম স্বর্ণের পেস্ট পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান সোমবার রাত ১১টার পর গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠান।
প্রেস বিজ্ঞপ্তিতে অধিনায়ক জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বিভিন্ন অবৈধ পন্থায় সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বর্ণ চোরাচালানের চেষ্টা চালিয়ে আসছে। সীমান্তের নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় আটক ভারতীয় নাগরিক জহির শাহ গোলাম হোসেনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার সকালে যথাযথ পুলিশি প্রহরায় তাকে আদালতের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে পাঠানো হয়।


















