নড়াইলে মাছবাহী পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোভ্যান চালকের
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৭:৪১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
- নড়াইল
নড়াইলের লোহাগড়ায় মাছবাহী পিকআপের ধাক্কায় আনোয়ার হোসেন (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার কালনা-নড়াইল-যশোর মহাসড়কের আলামুন্সির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন কালিয়া উপজেলার বোমবাগ গ্রামের মৃত আকাম মোল্যার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কালনা থেকে লোহাগড়াগামী মাছবাহী একটি পিকআপ (ঢাকা মেট্রো-ন ২১-৪৭৪১) আলামুন্সির মোড় এলাকায় পৌঁছালে সামনে থাকা অটোভ্যানটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
জনপ্রিয়


















