যথাযথ মর্যাদায় যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে ৪টায় সেনানিবাসের মাল্টিপারপাস শেডে কেক কেটে ও সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে আগত বীর মুক্তিযোদ্ধাসহ সকল গণ্যমান্য অতিথিবৃন্দকে অভ্যর্থনা জানান জেনারেল অফিসার কমান্ডিং, ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া মেজর জেনারেল আবু হেনা মোহাম্মদ রাজী হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যশোর-৩ আসনের সংসদ সদস্য অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সশস্ত্র বাহিনী দুর্যোগ মোকাবিলা, সন্ত্রাস দমন, বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ দেশগঠনমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে। যে কারণে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে বর্তমান সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। আধুনিক সামরিক প্রযুক্তির পাশাপাশি দেশীয় প্রযুক্তি ও উদ্ভাবনের সমন্বয়ের মাধ্যমে সশস্ত্র বাহিনীকে আরও যুগোপযোগী, দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী মুক্তিযুদ্ধে যশোর অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা এবং বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। একইসাথে যশোর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, সশস্ত্র বাহিনীর প্রাক্তন সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

















