যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১৯ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীন বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ১০৫টি শাড়ি, ৪১টি কম্বল, পাঁচটি চাদর, ৭ দশমিক ৫ কেজি জিরা, সাত প্যাকেট ফুসকা, আট কেজি কিসমিস, চার প্যাকেট সোনপাপড়ি, ৩৬৪টি চকলেট, ২ হাজার ৭০টি ওষুধ এবং ৪ হাজার ২২টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানি পণ্যসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে।

















