যুবলীগ কর্মীর বদলে বাবাকে আটকের অভিযোগ ‘ভিত্তিহীন’
-
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৯:৪০:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- মৌলভীবাজার
মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নের পশ্চিম দুঘর গ্রামে জেলা যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে পুলিশ আটক করে নিয়ে গেছে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন অভিযোগকে সম্পূর্ণ ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ বলে দাবি করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আশরাফ উদ্দিন আহমেদ। তাঁর দাবি, ছেলের রাজনৈতিক পরিচয়ের কারণে নয়, বরং ২০০৭ সালের একটি পুরোনো মামলার গ্রেপ্তারি পরোয়ানার (ওয়ারেন্ট) ভিত্তিতেই পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে পরিবার ও স্থানীয় একটি মহলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, পুলিশ যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তীকে খুঁজতে তাঁর পশ্চিম দুঘর গ্রামের বাড়িতে অভিযান চালায়। পঙ্কজকে বাড়িতে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবা পরেশ চক্রবর্তীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয় এবং ছেলে আত্মসমর্পণ না করা পর্যন্ত তাঁকে মুক্তি দেওয়া হবে না বলে জানানো হয়। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে উদ্বেগের সৃষ্টি হয় এবং নিরপরাধ বাবাকে আটকে রেখে ছেলেকে আত্মসমর্পণে বাধ্য করার প্রক্রিয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে পরেশ চক্রবর্তীর নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে এক ভিডিও বার্তায় বিষয়টি পরিষ্কার করেছেন নাজিরাবাদ ইউনিয়ন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ।
ভিডিও বার্তায় চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ জানান, ফেসবুকে এমন খবর দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশের সাথে যোগাযোগ করেন এবং প্রকৃত ঘটনা জানতে পারেন। তিনি বলেন, “পুলিশ পঙ্কজকে ধরতে নাজিরাবাদ ইউনিয়নে যায়নি। মূলত তারা পরেশ ঠাকুরকে (পরেশ চক্রবর্তী) ধরতেই সেখানে গিয়েছিল। কারণ, পরেশ ঠাকুরের বিরুদ্ধে ২০০৭ সালের একটি মামলা রয়েছে। তিনি হয়তো বিষয়টি জানতেন না বা ভেবেছিলেন জামিনে আছেন, কিন্তু দণ্ডবিধির ৪২০ ও ৫০৬ ধারায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আমি নিজেও সেই ওয়ারেন্টের কপি দেখেছি।”
ইউনিয়নের শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা উল্লেখ করে ইউপি চেয়ারম্যান আশরাফ উদ্দিন আহমেদ আরও বলেন, গত ৫ আগস্টের পর থেকে নাজিরাবাদ ইউনিয়নে কোনো ধরনের বৈষম্য বা হয়রানির ঘটনা ঘটেনি এবং মৌলভীবাজার জেলার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণভাবে এই ইউনিয়ন পরিচালিত হচ্ছে।
না জেনে এমন স্পর্শকাতর বিষয়ে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর অনুরোধ জানিয়ে তিনি যুবলীগ কর্মী পঙ্কজ চক্রবর্তী এবং যাঁরা ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছেন, তাঁদের অনতিবিলম্বে সেই লেখাগুলো মুছে ফেলার আহ্বান জানান।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, একথা ডাহা মিথ্যা কথা আমরা পরেশ চক্রবর্তীকে গ্রেপ্তার করতে তার বাড়িতে যাই এবং ওনার পুরনো মামলার ওয়ারেন্ট হয় এজন্য আটক করে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়।
জনপ্রিয়

















