Advertisement

কৃষকের খড়ের গাদায় আগুন, ৪০ হাজার টাকার ক্ষতি

কৃষকের খড়ের গাদায় আগুন, ৪০ হাজার টাকার ক্ষতি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ১০নং কান্দিউড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সিন্নি পাড়ায় এক কৃষকের গোয়াল ঘরের সামনের খড়ের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কৃষক। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের ঘটনাস্থলে সরেজমিনে গেলে এসব তথ্য জানান ভুক্তভোগী ও স্থানীয়রা। ক্ষতিগ্রস্থ কৃষক নূরুল ইসলাম খন্দকার জানান, ঘটনার রাতে তিনি মাছের ঘেরের বাঁধ পাহারা দিতে বিলে অবস্থান করছিলেন। রাতের আঁধারে কে-বা কারা তাঁর খড়ের স্তুপে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির সামনে থাকা গাছের চারাগুলো বিনষ্ট করে। তিনি আরও বলেন, খড়ের গাদার একেবারে পাশেই গোয়াল ঘরটি স্থানীয়রা যদি দ্রুত আগুন নিয়ন্ত্রণে না আনতো তাহলে কয়েক লাখ টাকার ৩টি গরু পুড়ে ছাঁই হয়ে যেত। এ ঘটনায় তিনি ও তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন। এর আগেও  বাড়িতে এমনটা ঘটেছিল। সপ্তাহখানেক আগে একই গ্রামের এক প্রতিবেশীর সঙ্গে তাঁর ঝগড়াঝাটির একটি ঘটনা ঘটেছিল বলে জানান ওই কৃষক। প্রত্যক্ষদর্শী প্রতিবেশী নয়ন, ছোটন ও স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় হঠাৎ খড়ের গাদায় আগুন দেখতে পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁদের ধারণা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনা কেউ ঘটাতে পারে। কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জনপ্রিয়